কিশোরগঞ্জে ফজরের নামাজ পড়িয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একজন ইমামের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোরে কিশোরগঞ্জ জজ কোর্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ক্বারী মাওলানা মোস্তাফিজুর রহমান ওরফে গোলাম মোস্তফা (৬০) কিশোরগঞ্জ সদর মডেল থানার মসজিদের পেশ ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের চরপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ওইদিনও ভোরে মসজিদে ফজরের নামাজে ইমামতি শেষে ব্যাটারিচালিত অটোরিকশায় বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি। পথিমধ্যে জেলা জজ কোর্টের সামনে পৌঁছালে সড়কে নির্মাণাধীন ড্রেনের পাশে রাখা বালুর স্তূপের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ইমাম ও চালক দুজনেই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমামকে মৃত ঘোষণা করেন।
