“আমার সন্তানও অপরাধী হলে ছাড় নয়”- কঠোর বার্তা ভূমিমন্ত্রীর

by Fatih Work

রাজশাহী বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রশাসনিক কার্যক্রমে সততা, দক্ষতা ও সাংবিধানিক দায়িত্ববোধের ওপর জোর দিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি। শুক্রবার সকালে রাজশাহী সার্কিট হাউসের সম্মেলনকক্ষে আয়োজিত এ সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দেন।

মন্ত্রী বলেন, তিনি রাজশাহীরই সন্তান এবং প্রশাসনের সবাই একে অপরের সহকর্মী—কেউ কারও বস নন। তবে প্রত্যেকেই সাংবিধানিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা; তাই দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, আইন সবার জন্য সমান। কেউ আইন লঙ্ঘন করলে, সে তাঁর নিজের সন্তান হলেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

বিজ্ঞাপন
banner

দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। সততা, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে প্রশাসনিক কাজ পরিচালনার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, জনগণ প্রশাসনের কাছ থেকে ন্যায়বিচার ও কার্যকর সেবা প্রত্যাশা করে। তাই জনগণের সঙ্গে সম্মানজনক ও সেবামুখী আচরণ নিশ্চিত করতে হবে।

রমজান মাসে জনদুর্ভোগ এড়াতে আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, বাজার নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা ও জনসেবা—সব খাতে সমন্বিতভাবে কাজ করতে হবে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নেও কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের উন্নয়নে প্রতিদিন ১৮ ঘণ্টা কাজ করছেন। তাঁদের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। নির্বাচন-পরবর্তী সময়ে সরকারের প্রতিটি দপ্তর সাংবিধানিক কাঠামোর মধ্যেই পরিচালিত হবে এবং আইন তার নিজস্ব গতিতে চলবে বলেও তিনি উল্লেখ করেন।

উন্নয়ন কার্যক্রমে গতি আনতে খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচির ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী।

সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ-উল-ইসলাম, জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাসান এবং বিএনপির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।

মতবিনিময় সভায় মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন কর্মকর্তারা। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ সভা প্রশাসনিক স্বচ্ছতা, জবাবদিহি ও সমন্বয় আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222