এমরান হোসেন, জামালপুর প্রতিনিধি:
জামালপুর-শেরপুর ব্রহ্মপুত্র সেতু এলাকায় পুলিশ চেকপোস্টে পরিবহন থামানোকে কেন্দ্র করে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী পিতা-পুত্র নিহত হয়েছেন। এ ঘটনার পর স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে জামালপুর-শেরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুর-শেরপুর মহাসড়কের ব্রহ্মপুত্র সেতুর দক্ষিণ পাশের চেকপোস্টে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুইজন হলেন— দেলোয়ার হোসেন ও তার ছেলে ইসতিয়াক আহম্মেদ। নিহতরা শেরপুর জেলার কেন্দুয়ারচর এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানায়, আজ শুক্রবার জুমার নামাজের সময় ওই এলাকায় চেকপোস্টে পুলিশ সদস্যরা ডিউটি করছিলেন। পুলিশ শেরপুরগামী একটি ট্রাককে দাঁড়াতে ইশারা করলে পেছনে থাকা একটি মোটরসাইকেল বের হয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় অপর দিক থেকে আসা আরেকটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই পিতা-পুত্র নিহত হন। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা পুলিশের ওপর হামলা চালায় এবং জামালপুর-শেরপুর সড়ক অবরোধ করে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
এমএআর/
