লবণের ন্যায্যমূল্য পাচ্ছেন না কক্সবাজারের চাষিরা

by Fatih Work

চলতি মৌসুমের চার মাস পেরিয়ে গেলেও কক্সবাজার উপকূলের লবণ চাষিরা এখনও লবণের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত। মৌসুম শেষ হতে এখন মাত্র দুই থেকে আড়াই মাস বাকি থাকায় দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তারা। চাষিদের অভিযোগ, উৎপাদন খরচের তুলনায় বাজারে লবণের দাম অনেক কম থাকায় প্রতি মণ লবণে তাদের ১৫০ থেকে ১৭০ টাকা পর্যন্ত লোকসান গুনতে হচ্ছে। মাঠ পর্যায়ের চাষিরা আশা করছেন, নতুন সরকার দ্রুত কার্যকর উদ্যোগ নিয়ে লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করবে।

বর্তমানে আবহাওয়া অনুকূলে থাকায় লবণ উৎপাদন অব্যাহত রয়েছে। তবে উৎপাদন অব্যাহত থাকলেও বাজারমূল্য কম থাকায় চাষিদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। চৌফলদণ্ডী উপকূলের বাজারপাড়া এলাকার লবণ চাষি জিয়ার খান জানান, গত বছর তিন কানি জমিতে লবণ চাষ করে প্রায় দেড় লাখ টাকা লোকসান হয়েছে। চলতি বছরও তিন কানি জমিতে লবণ মাঠ করলেও ন্যায্যমূল্য না পাওয়ায় চরম হতাশার মধ্যে দিন কাটছে।

বিজ্ঞাপন
banner

তিনি বলেন, উৎপাদনে প্রতি মণ লবণের খরচ প্রায় ৪০০ টাকা হলেও বাজারে বিক্রি করতে হচ্ছে মাত্র ২০০ টাকায়। এতে উৎপাদন খরচও উঠছে না। এভাবে চলতে থাকলে লবণ চাষ টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এদিকে মাঠ পর্যায়ে লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন লবণ চাষি কল্যাণ সমিতির নেতারা। কক্সবাজার চেম্বারের সভাপতি ও লবণ চাষি কল্যাণ সমিতির উপদেষ্টা আবদুল শুক্কুর বলেন, কিছু ব্যবসায়ী বিদেশ থেকে ‘ইন্ডাস্ট্রিয়াল সল্ট’ নামে লবণ আমদানি করে স্থানীয় বাজারে বিক্রি করছেন। অথচ বর্তমানে কক্সবাজারেই মানসম্মত ও ধবধবে সাদা লবণ উৎপাদন হচ্ছে। তবুও আমদানির কারণে স্থানীয় চাষিরা ন্যায্যমূল্য পাচ্ছেন না। পাশাপাশি ব্যাক-টু-ব্যাক এলসির অপব্যবহারও বাজারে প্রভাব ফেলছে বলে তিনি দাবি করেন। দ্রুত লবণ আমদানি বন্ধ করে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে চাষিদের স্বার্থ রক্ষায় সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) সূত্রে জানা গেছে, গত মৌসুমে কক্সবাজার উপকূলে ৬৮ হাজার ৫০৫ একর জমিতে প্রায় ২৫ লাখ ২৮ হাজার মেট্রিক টন লবণ উৎপাদিত হয়েছিল। চলতি মৌসুমে ২৭ লাখ ১০ হাজার মেট্রিক টন লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চার মাসে উৎপাদিত হয়েছে মাত্র ৪ লাখ ৭০ হাজার মেট্রিক টন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222