নরসিংদীতে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

by Fatih Work

নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৮টায় তিনি আকস্মিক হাসপাতালটিতে উপস্থিত হন। মূলত চিকিৎসকদের সময়মতো কর্মস্থলে উপস্থিত না থাকার সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতেই মন্ত্রী এই ঝটিকা অভিযানে যান বলে জানা গেছে। পরিদর্শনের সময় দেখা যায়, হাসপাতালে কর্মরত ২১ জন চিকিৎসকের মধ্যে ৫ জন ছুটিতে থাকলেও বাকি ১৬ জন ডিউটি ডাক্তারের মধ্যে উপস্থিত ছিলেন মাত্র ৮ জন। অর্থাৎ কর্মস্থলে উপস্থিত থাকার কথা থাকলেও অর্ধেক চিকিৎসকই অনুপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ৮ জনের মধ্যে ২ জন নির্ধারিত সময়ের অনেক পরে হাসপাতালে পৌঁছেছেন।

বিজ্ঞাপন
banner

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের জরুরি বিভাগসহ সার্বিক সেবা কার্যক্রম ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার খোঁজখবর নেন। পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, আমরা বিভিন্ন মাধ্যমে খবর পেয়েছি যে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকরা সময়মতো উপস্থিত হন না। আজ সকালে সরেজমিনে এসে সেই অভিযোগের সত্যতা পাওয়া গেছে। চিকিৎসকের পেশা একটি মানবিক কাজ। সরকার স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বদ্ধপরিকর এবং চিকিৎসকদের মাধ্যমেই এই সেবা নিশ্চিত করতে হবে। কিন্তু যারা দায়িত্ব পালনে অবহেলা করবেন, তাদের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না।

উপস্থিত চিকিৎসকদের সময়ানুবর্তী হওয়ার কড়া নির্দেশনা দিয়ে স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, জনগণের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসা পৌঁছে দিতে মন্ত্রণালয় নিরলস কাজ করছে। যারা সময়মতো হাসপাতালে উপস্থিত না থেকে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলছেন, তাদের বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। আকস্মিক এই পরিদর্শনের সময় স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মন্ত্রীর এই ঝটিকা অভিযানের পর স্থানীয় জনমনে হাসপাতালটির সেবা নিয়ে আশার সঞ্চার হয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222