বশির আহম্মদ মোল্লা (নরসিংদী প্রতিনিধি): পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নরসিংদী জেলা পুলিশের উদ্যোগে ঈদ পুনর্মিলনী, প্রীতিভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৯ মে রাতে নরসিংদী জেলা পুলিশ লাইন্সে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। নরসিংদী জেলা পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল ফারুকের সার্বিক তত্ত্বাবধানে ঈদের আনন্দ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত এই মিলনমেলায় জেলা পুলিশের বিভিন্ন থানা ও ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের পাশাপাশি জেলার পদস্থ সরকারি কর্মকর্তা, শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী ও সাংবাদিক প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন অংশ নেন।
উৎসবমুখর এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ও নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মনজুর এলাহী এমপি। এছাড়াও অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিরিন সুলতানা এমপি ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ তোফাজ্জল হোসেন।
অনুষ্ঠানে ব্যবসায়ী, সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দের মধ্যে আরও অংশ নেন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উপদেষ্টা ও ড্রিম হলিডে পার্কের ব্যবস্থাপনা পরিচালক প্রবীর কুমার সাহা, অ্যাডভোকেট আফজাল মনির, পলাশ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাহাউদ্দিন ভূঁইয়া মিলটন, বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক-বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক ও নরসিংদী জেলা শাখার সভাপতি সারোয়ার হোসেন মৃধা এবং বিশিষ্ট নারী উদ্যোক্তা জান্নাতুল হক শাপলা। এর পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, জেলা ও জেলা প্রেসক্লাবের সাংবাদিক প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পুলিশ লাইন্সে আয়োজিত এই প্রীতিভোজের অনুষ্ঠানে আগত অতিথিদের জন্য চট্টগ্রামের বিখ্যাত মেজবানি মাংসসহ বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী সুস্বাদু ও উপাদেয় খাদ্য পরিবেশন করা হয়। নৈশভোজের পাশাপাশি স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা পুরো আয়োজনকে এক উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের রূপ দেয়। অনুষ্ঠানে আগত অতিথিরা নরসিংদীর আইনশৃঙখলা রক্ষা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে পুলিশের ভূমিকার প্রশংসা করেন।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে আমন্ত্রিত সুধীজন ও বক্তারা বলেন, ঈদের মতো পবিত্র ধর্মীয় উৎসব সমাজে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। জেলা পুলিশের এই ব্যতিক্রমী ও আন্তরিক আয়োজন সাধারণ জনগণ এবং আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে পারস্পরিক বিশ্বাস ও সম্পর্ককে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি উপস্থিত সবার ভূয়সী প্রশংসা কুড়ায় এবং জেলার সার্বিক উন্নয়ন ও আইনশৃঙ্খলার স্বার্থে পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করবে বলে আশা প্রকাশ করা হয়।
টিএইচএ/
