বশির আহম্মদ মোল্লা (নরসিংদী প্রতিনিধি): মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে নরসিংদী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কামারগাঁও এলাকায় এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৬ জুলাই বিকেলে স্থানীয় জনসাধারণের উদ্যোগে আয়োজিত এই মাদকবিরোধী সমাবেশে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সোহেল। সমাবেশে বক্তারা একটি সুস্থ ও নিরাপদ সমাজ গঠনে অপরাধের বিরুদ্ধে পাড়ায় পাড়ায় সামাজিক দুর্গ গড়ে তোলার তাগিদ দেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। তিনি তার বক্তব্যে বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি সমাজের জন্য মারাত্মক অভিশাপ। এসব অপরাধ কেবল একটি পরিবারকে ধ্বংস করে না, পুরো সমাজব্যবস্থাকে কলুষিত করে। এই ত্রিমুখী অপরাধ নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ভরসা করে থাকলে চলবে না, বরং সমাজের সর্বস্তরের জনগণকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অপরাধীদের সামাজিক ও রাজনৈতিকভাবে বর্জন করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক। এছাড়াও অপরাধ দমনে প্রশাসনের কঠোর অবস্থানের কথা তুলে ধরে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ… সুপার কলিমুল্লাহ, নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক উদ্দিন ভূঁইয়া ও জেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম আজাদ। সমাবেশে আরও সংহতি প্রকাশ করেন নরসিংদী সরকারি কলেজের সাবেক ভিপি ও জেলা বিএনপির প্রচার সম্পাদক ইলিয়াস আলী ভূঁইয়া এবং নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদসহ স্থানীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সমাবেশে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা নরসিংদীকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করার প্রতিশ্রুতির সাথে একাত্মতা প্রকাশ করেন। বক্তারা বলেন, একটি অপরাধমুক্ত সুন্দর নরসিংদী গড়ে তুলতে প্রশাসন ও জনসাধারণের মধ্যে সমন্বিত যোগাযোগ বাড়ানো জরুরি। একই সাথে এ ধরনের সামাজিক ব্যাধির বিরুদ্ধে প্রতিটি ঘর থেকে প্রতিরোধ ও সোচ্চার আওয়াজ তোলার আহ্বান জানিয়ে সমাবেশ সমাপ্ত করা হয়।
টিএইচএ/
