ইয়ামাল যে কারণে মেসিকে ফাইনালে চান

by Masudul Kadir

ক্রীড়া ডেস্ক :: শৈশবের আদর্শ লিওনেল মেসি ইয়ামালের। আজ সেই সেই মেসিও আছেন ফাইনালের দৌড়ে। মাঠের লড়াইয়ে ভক্তদের প্রিয় তারকার জার্সি পাওয়ার আকুলতা চিরচেনা। কিন্তু সেই একই আকাঙ্ক্ষা যখন খোদ একজন উদীয়মান মহাতারকার মনে দানা বাঁধে, তখন তা রূপ নেয় এক রোমাঞ্চকর গল্পে। স্পেনের তরুণ সেনসেশন লামিন ইয়ামাল এখন ঠিক তেমনই এক স্বপ্নের জাল বুনছেন, যেখানে একপাশে আছেন তিনি নিজে আর অন্যপাশে তাঁর শৈশবের আদর্শ লিওনেল মেসি। আর এই মহামিলনের জন্য তিনি বেছে নিয়েছেন ফুটবল বিশ্বের সবচেয়ে বড় মঞ্চকে।

সম্প্রতি স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’র একটি বিশেষ ‘র‌্যাপিড ফায়ার’ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বার্সেলোনার এই ১৮ বছর বয়সী ফরোয়ার্ড। সেখানে ফুটবল ও মাঠের বাইরের নানা প্রসঙ্গে কথা বলেন তিনি। আড্ডার এক পর্যায়ে তাঁর কাছে জানতে চাওয়া হয়, কোন ফুটবলারের সঙ্গে তিনি জার্সি বদল করতে চান? কোনো দ্বিধা ছাড়াই ইয়ামাল উত্তর দেন, ‘মেসি’। তবে সাধারণ কোনো ম্যাচে নয়, এই স্মরণীয় মুহূর্তটি তিনি ফ্রেমবন্দি করতে চান বিশ্বকাপের ফাইনালের মঞ্চে।

বিজ্ঞাপন
banner

ইয়ামালের এই স্বপ্নের পরিধি কেবল মেসির জার্সিতেই সীমাবদ্ধ নয়। স্পেনের এই তারকাকে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁর দল যদি ফাইনালে ওঠে, তবে প্রতিপক্ষ হিসেবে কাকে দেখতে চান? লা রোজাদের এই তরুণ তুর্কি সরাসরি জানান, তিনি ফাইনালে ‘আর্জেন্টিনা’কে চান। শুধু তা-ই নয়, স্পেনের সোনালী অতীতের কোনো সাবেক ফুটবলারকে যদি বর্তমান বিশ্বকাপ দলে পাওয়ার সুযোগ থাকত, তবে কাকে বেছে নিতেন- এমন প্রশ্নের জবাবে ইয়ামাল শ্রদ্ধাভরে উচ্চারণ করেন কিংবদন্তি মিডফিল্ডার ‘আন্দ্রে ইনিয়েস্তা’র নাম।

তরুণ এই ফরোয়ার্ডের এমন আকাশছোঁয়া স্বপ্ন পূরণ হওয়া কিন্তু একেবারেই অসম্ভব নয়। তবে তার জন্য স্পেন ও আর্জেন্টিনা উভয় দলকেই নিজেদের পারফরম্যান্সের সেরাটা দিয়ে বাকি পথ পাড়ি দিতে হবে। তাহলে আগামী ১৯ জুলাই রাতে নিউ ইয়র্ক বা নিউ জার্সির স্বপ্নের ফাইনালে মেসি ও ইয়ামালের এই দ্বৈরথ বাস্তব রূপ পেতে পারে।

অবশ্য তার আগে দুজনকে পার হতে হবে আরও দুটি কঠিন ধাপ। সেই মিশন সফল করার লক্ষ্যে আজ রাতেই কোয়ার্টার ফাইনালের হাইভোল্টেজ ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হচ্ছে স্পেন। অন্যদিকে সেমিফাইনালের টিকিট কাটার লড়াইয়ে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড। ফুটবলপ্রেমীরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তরুণ ইয়ামালের এই স্বপ্ন শেষ পর্যন্ত মাঠে সত্যি হয় কি না।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222