নিজস্ব প্রতিবেদক :: দেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার সালাতের পর খতীব ফকিহ মাওলানা আবদুল মালেক বিশেষ মোনাজাতে স্মরণ করেছেন সিঙ্গাপুরে চিকিৎসারত ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে। দেশ ও জাতির জন্য বিশেষ প্রার্থনার সঙ্গে সঙ্গে ধর্মমন্ত্রীর জন্যও মোনাজাত করেন তিনি। তিনি দোয়ায় বলেন, হে আল্লাহ, ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে সুস্থ করে দিন। তাকে দিয়ে ইসলামের, দেশের উপকার হয়, জাতির উপকার হয় এমন কাজ করবার তাওফিক দিন।
শুক্রবার (৩১ জুলাই ২০২৬) জাতীয় মসজিদ বায়তুল মোকাররম জুমার সালাতের পর মাওলানা আবদুল মালেক মুসল্লিদের নিয়ে দোয়া করেন।
এদিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। সফল হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচারের পর চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ ও ফিজিওথেরাপির মধ্য দিয়ে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন। চিকিৎসকরা সন্তোষ প্রকাশ করেছেন এবং আগামী কয়েক ঘণ্টার মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে।
শুক্রবার (৩১ জুলাই) ধর্মমন্ত্রীর ভাই কাজী শাহ আরেফিন এক ফেসবুক পোস্টে এই কথা জানিয়েছেন।
কাজী শাহ আরেফিন বলেন, মহান আল্লাহ তাআলার রহমত এবং দেশবাসীর আন্তরিক দোয়ায় মন্ত্রীর শারীরিক অবস্থার সন্তোষজনক উন্নতি হয়েছে। অস্ত্রোপচারের পর গত কয়েক দিন তিনি সিঙ্গাপুরে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা ও নিয়মিত ফিজিওথেরাপি গ্রহণ করছেন।
তিনি জানান, বর্তমানে ধর্মমন্ত্রী নিজেই বিছানা থেকে উঠতে পারছেন এবং ওয়াকারের সহায়তায় হাঁটাচলা করছেন। অস্ত্রোপচারের ক্ষত স্বাভাবিকভাবে শুকিয়ে এসেছে এবং কোনো ধরনের সংক্রমণ বা জটিলতার লক্ষণ নেই।
চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, বর্তমান শারীরিক অবস্থায় তাঁরা সন্তুষ্ট। তাঁদের আশা, ইনশাআল্লাহ আগামী দুই সপ্তাহের মধ্যেই তিনি ওয়াকারের সহায়তা ছাড়াই স্বাভাবিকভাবে হাঁটতে পারবেন। এরপর নিয়মিত ফিজিওথেরাপি ও ফলোআপ চিকিৎসার মাধ্যমে ধীরে ধীরে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসবেন।
ধর্মমন্ত্রীর ভাই আরও বলেন, চিকিৎসাকালীন সময়ে যারা তাঁর জন্য দোয়া করেছেন, খোঁজখবর নিয়েছেন এবং বিভিন্নভাবে পাশে থেকেছেন, তাঁদের প্রতি পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানানো হচ্ছে। একই সঙ্গে সিঙ্গাপুরের চিকিৎসক, নার্স, ফিজিওথেরাপিস্ট ও সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
তিনি দেশবাসীর কাছে ধর্মমন্ত্রীর দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য দোয়া কামনা করে বলেন, মহান আল্লাহ তাআলা যেন তাঁকে দ্রুত আরোগ্য, দীর্ঘ নেক হায়াত ও সুস্বাস্থ্য দান করেন এবং পুনরায় দেশ, জাতি ও মানুষের সেবায় আত্মনিয়োগ করার তাওফিক দান করেন।
