ক্রীড়া ডেস্ক :: আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির প্রধানের দায়িত্ব পালন করবেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম। হিসাবটা দারুণ। বিশেষত্ব আছে। এখন থেকে বিসিবির পাশাপাশি তার অধীনে কাজ করবেন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তিন ক্রিকেট বোর্ড- ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের শীর্ষ কর্তারা।
বিশ্বজুড়ে এখন ফ্র্যাঞ্চাইজি লিগের দাপট। এসব লিগের কারণে আন্তর্জাতিক ক্রিকেট ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিও তৈরি হয়েছে। সেই সাথে প্রশ্নের মুখে ক্রিকেটারদের সুরক্ষাও। এসব সার্বিক বিষয় নিয়ে কাজ করবে আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটি।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সেক্রেটারি দেবজিত সাইকিয়াও আছেন তামিমের নেতৃত্বাধীন এই কমিটিতে। এছাড়া আরও আছেন ক্রিকেট নামিবিয়ার ডা. রুডি ভন ভুরেন, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড ও ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান টড গ্রিনবার্গ।
কানাডা, শ্রীলংকা, বাংলাদেশ ও ফ্রান্সের সদস্যপদ সংক্রান্ত বিষয়েও সিদ্ধান্ত হয়েছে আইসিসি সভায়। সংস্থাটি বাংলাদেশকে নিয়ে জানিয়েছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত সভাপতিকে সংস্থাটির ফুল মেম্বার ডিরেক্টর হিসেবে স্বীকৃতি দিয়েছে আইসিসি বোর্ড।’
তবে দুঃসংবাদ শ্রীলংকার জন্য। লংকান বোর্ডকে দ্রুত নির্বাচিত কমিটি আনার তাগদা দিয়ে আইসিসি জানিয়েছে, আপাতত শ্রীলংকা ক্রিকেট আইসিসি বোর্ডের সভায় প্রতিনিধিত্ব করতে পারবে না।
আর্থিক সংকটে থাকা ওয়েস্ট ইন্ডিজকে সহায়তা হিসেবে ১২.৮২ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় দেড়শ কোটি টাকার বেশি আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।
