চট্টগ্রামের সিআরবিতে টি-টোয়েন্টি ট্রফি উন্মোচন

চট্টগ্রামে সোমবার শুরু বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টি সিরিজ

by Fatih Work

বাংলাদেশ টুরিজম বোর্ডের সঙ্গে সমঝোতা স্মারকের অংশ হিসেবে টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচনে ঐতিহাসিক এক স্থান বেছে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চট্টগ্রামের প্রায় শতবর্ষ পুরোনো সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং (সিআরবি) প্রাঙ্গণে রোববার দুপুরে উন্মোচিত হয় বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ সিরিজের টি-টোয়েন্টি ট্রফি।

অনুষ্ঠানে অংশ নেন দুই দলের অধিনায়ক লিটন কুমার দাস ও শাই হোপ। তাঁরা ট্রফি হাতে সিআরবির ঐতিহ্যবাহী স্থাপনার সামনে ফটোসেশনে অংশ নেন। এ সময় তারা পুরোনো একটি রেল ইঞ্জিনের সামনেও ছবি তোলেন—যা চট্টগ্রামের দীর্ঘদিনের ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক হিসেবে পরিচিত।

বিজ্ঞাপন
banner

আগামীকাল সোমবার (২৭ অক্টোবর) বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শুরু হবে দুই দলের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে প্রথম ম্যাচ।

ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাসে এবার টি-টোয়েন্টিতেও ট্রফি নিজেদের করে নিতে চায় টাইগাররা। গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাঠে ৩–০ ব্যবধানে সিরিজ জয়ের পর আবারও ক্যারিবিয়ানদের বিপক্ষে শ্রেষ্ঠত্ব ধরে রাখার প্রত্যাশা লিটনদের।

পরিসংখ্যান বলছে, এখন পর্যন্ত ১৯টি টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। যেখানে বাংলাদেশের জয় ৮ ম্যাচে, আর ক্যারিবিয়ানদের জয় ৯টিতে। বাকি দুটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত বা অনির্ধারিত।

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্সও আশাব্যঞ্জক। শেষ চারটি সিরিজে শ্রীলঙ্কা, পাকিস্তান, নেদারল্যান্ডস ও আফগানিস্তানকে পরাজিত করেছে তারা। এবার ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারলে নিজেদের ইতিহাসে প্রথমবার টানা পাঁচটি টি-টোয়েন্টি সিরিজ জয়ের রেকর্ড গড়বে বাংলাদেশ।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222