থানচি-তিন্দুমুখ নৌপথে যান চলাচল বন্ধ ঘোষণা

by Abid vs36

বান্দরবান প্রতিনিধি: বৈরী আবহাওয়া ও নদীপথে সম্ভাব্য দুর্ঘটনার ঝুঁকি বিবেচনায় বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীর নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। বিজ্ঞপ্তির মাধ্যমে থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত এই নৌ চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত পুরোপুরি বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার (২৫ জুলাই) দুপুরে উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিকূল আবহাওয়া পরিস্থিতির কথা বিবেচনায় রেখে পর্যটক ও স্থানীয় সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। একই সঙ্গে সব পর্যটক, স্থানীয় অধিবাসী ও নৌযান চালকদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে প্রশাসনিক নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন
banner

এদিকে বান্দরবানের এই দুর্গম অঞ্চলে নৌ চলাচলে চরম ঝুঁকি তৈরি হওয়ার প্রমাণ মেলে ঠিক তার আগের দিনই। গেল শুক্রবার দুপুরে ১৩ জনের একটি পর্যটক দল মোটরবাইক নিয়ে ডিম পাহাড়ের ২১ কিলোমিটার সীমান্ত সড়ক পথ দিয়ে তিন্দুতে পৌঁছান। সেখান থেকে তারা নৌকায় করে লাংলোক ঝরনার উদ্দেশে রওয়ানা হলে পথিমধ্যে দুর্গম ‘রাজা পাথর’ এলাকায় প্রবল স্রোতের মুখে পড়ে নৌকাটি ডুবে যায়।

নৌকাডুবির ঘটনায় দলের অন্য সদস্যরা কোনো মতে সাঁতরে প্রাণে বাঁচতে পারলেও এক পর্যটক নদীপ্রবাহে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। খবর পেয়ে নিখোঁজ পর্যটককে উদ্ধারে দুর্গম নদী এলাকায় বিজিবি, পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ উদ্ধার অভিযান চলমান রয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222