নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইসমাঈল আল রাজিবকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে রায়পুরা উপজেলার তুলাতুলি মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ডা. ইসমাঈল আল রাজিব প্রায় তিন বছর আগে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে যোগ দেন। পরবর্তীতে ৯ মাস আগে তিনি ওই হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হিসেবে পদোন্নতি পান ও দায়িত্ব পালন করে আসছিলেন।
অভিযান প্রসঙ্গে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টিম তুলাতুলি মোড় এলাকায় অভিযান চালিয়ে ডা. ইসমাঈল আল রাজিবকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করে সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
একজন চিকিৎসকের মাদক সংশ্লিষ্টতার বিষয়ে জানতে চাইলে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জান্নাতুল নাঈম বলেন, তাদের হাসপাতালের আরএমও ইয়াবাসহ আটকের বিষয়টি তারা জেনেছেন। পুলিশের তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রশাসনিক ও বিভাগীয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, একজন চিকিৎসক হয়ে মাদক গ্রহণ বা এর সঙ্গে জড়িত থাকা শুধু আইনের চোখেই অপরাধ নয়, তা চিকিৎসা পেশার নীতি ও শৃঙ্খলার চরম লঙ্ঘন।
টিএইচএ/
