নতুন ইতিহাস গড়লেন ‘জন সিনা’

by Fatih Work

দীর্ঘ রেসলিং ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন ইতিহাস গড়লেন জন সিনা। সোমবারের ‘র’ পর্বে ডমিনিক মিস্টেরিওকে হারিয়ে জিতেছেন ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ—যা ছিল তাঁর ক্যারিয়ারের একমাত্র অপূর্ণতা।

এই জয়ের মধ্য দিয়ে ডব্লিউডব্লিউই-তে ‘গ্র্যান্ড স্লাম’ অর্জন করলেন সিনা। ইতিহাসে গ্র্যান্ড স্লাম জয়ী ২৫তম রেসলার এখন তিনি। ডব্লিউডব্লিউই-এর নিয়ম অনুযায়ী, একজন রেসলার ডব্লিউডব্লিউই, ইন্টারকন্টিনেন্টাল, ইউনাইটেড স্টেটস ও ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ—এই চারটি শিরোপা অন্তত একবার করে জিতলেই তাঁকে গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন বলা হয়। এত দিন তিনটি বেল্টের মালিক হলেও ইন্টারকন্টিনেন্টাল শিরোপাটি অধরাই ছিল সিনার কাছে। এবার সেই শূন্যতা পূরণ হলো।

বিজ্ঞাপন
banner

ডমিনিক মিস্টেরিওর বিপক্ষে ম্যাচে শুরু থেকেই লড়াই ছিল তীব্র। গত রেসলম্যানিয়া থেকে শিরোপাধারী ডমিনিক ছিলেন আক্রমণাত্মক, এমনকি একাধিকবার নিয়ম ভাঙার চেষ্টা করেন। তবে শেষ দিকে সিনা নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে মিস্টেরিওর ‘ফ্রগ স্প্ল্যাশ’ কাউন্টার করে দেন এবং তাঁর সিগনেচার মুভ ‘অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট’ মেরে তিন কাউন্টে জয় নিশ্চিত করেন।

এই ম্যাচের আরেকটি বিশেষ দিক হলো—সিনার দীর্ঘ ক্যারিয়ারে এই প্রথম টেলিভিশনে ইন্টারকন্টিনেন্টাল টাইটেলের জন্য লড়াই করা। এর আগে তিনি কেবল হাউস শোতেই সুযোগ পেয়েছিলেন। অনেকের ধারণা, এটি সম্ভবত সিনার শেষ বড় ম্যাচ, এবং সেটি দিয়েই তিনি পূর্ণ করলেন নিজের রেকর্ড বই।

এর আগে ১৭ বার ডব্লিউডব্লিউই, ৫ বার ইউনাইটেড স্টেটস ও ৪ বার ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ জিতেছেন জন সিনা। এখন তিনি যোগ দিলেন সেই অভিজাত তালিকায়, যেখানে আছেন শন মাইকেলস, ট্রিপল এইচ, ক্রিস জেরিকো, কার্ট অ্যাঙ্গেল, কেন ও এডি গুয়েরোর মতো কিংবদন্তিরা।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222