ইসরায়েলি সেনাবাহিনী বৃহস্পতিবার এক নতুন ছবি প্রকাশ করেছে, যা তাদের দাবি অনুযায়ী হামাসের মুখপাত্র হুযাইফা আল-কাহলুতের (যিনি ‘আবু উবাইদা’ নামে পরিচিত ছিলেন) বলে নিশ্চিত করা হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) আল আরাবিয়া সূত্রে জানা গেছে, ইসরায়েলি সেনাদের দাবি, গত সপ্তাহে গাজায় অভিযানের সময় আবু উবাইদাকে হত্যা করা হয়েছে। প্রকাশিত ছবিতে তাকে হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ আল-দেইফ এবং খান ইউনুস ব্রিগেডের কমান্ডার রাফি সালামার সঙ্গে দেখা যাচ্ছে।
ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিখাই আদ্রেই এক্স প্ল্যাটফর্মে দেওয়া বিবৃতিতে জানান, গাজা উপত্যকায় উদ্ধার হওয়া একটি নথিতে এই ছবি পাওয়া গেছে। এতে আল-কাহলুতকে হামাসের শীর্ষ সামরিক নেতৃত্বের সঙ্গে দেখা যাচ্ছে, যা সংগঠনের অপারেশনাল কাঠামোয় তার অবস্থানের প্রমাণ বহন করছে।
আদ্রেই আরও বলেন, আবু উবাইদা সবসময় মুখোশের আড়ালে থাকলেও তিনি ছিলেন হামাসের মুখপাত্র। সংগঠনের প্রচারণা ও যুদ্ধ পরিচালনার দায়িত্ব ছিল তার ওপর।
তিনি দাবি করেন, ৭ অক্টোবরের ঘটনায় হামাস যেসব ভিডিও প্রকাশ করেছিল, সেগুলোর পেছনে ছিলেন আবু উবাইদা। এসব ভিডিওতে ইসরায়েলি সেনা এবং গাজায় আটকানো জিম্মিদের দেখানো হয়েছিল, যার উদ্দেশ্য ছিল ইসরায়েলি জনমনে প্রভাব ফেলা।
সূত্র: আল আরাবিয়া
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
