আমানুল্লাহ নাবিল মামদুহ >>
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতিতে এবার এক ব্যতিক্রম ঘটালেন আব্দুর রশিদ জিতু। ছাত্রশিবিরের প্রভাবশালী জয়ধারার মাঝেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি জয়ী হয়েছেন জাকসুর ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) পদে। ৩ হাজার ৩৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। এই ফলাফল শুধু একটি আসনের বিজয় নয়, বরং জাহাঙ্গীরনগরের রাজনৈতিক মঞ্চে নতুন এক মুখের উত্থানের প্রতীক।
আন্দোলন থেকে উত্থান
জিতু বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী। তিনি মূলত জুলাই আন্দোলনের সময় থেকেই পরিচিত হয়ে ওঠেন। সেই আন্দোলনে ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্যে জিতু ছিলেন অন্যতম সক্রিয় কণ্ঠস্বর। শুরু থেকে শেষ পর্যন্ত মাঠে থেকে তিনি নেতৃত্ব দেন এবং আন্দোলনের পর শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত দাবিতে প্রতিটি কর্মসূচির প্রথম সারিতে অবস্থান করেন। সেখান থেকেই তার জনপ্রিয়তা দ্রুত ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাসে।
ছাত্রলীগ থেকে সরে আসা
জুলাই আন্দোলনের আগে জিতু নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে আন্দোলনের সময় সংগঠনটির ভূমিকা ও সহিংসতায় ক্ষুব্ধ হয়ে তিনি ছাত্রলীগ থেকে সরে দাঁড়ান। এমনকি আন্দোলনের সময় ছাত্রলীগের হামলার শিকার হয়ে আহতও হন তিনি। এ অভিজ্ঞতা তার রাজনৈতিক যাত্রায় এক নতুন অধ্যায়ের সূচনা করে।
নতুন প্ল্যাটফর্ম গঠন
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় জিতু ছিলেন ‘ফার্স্ট ম্যান’। কিন্তু আন্দোলনের মধ্যপথে তিনি সমন্বয়ক পদ থেকে পদত্যাগ করেন এবং “গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন” নামে নতুন একটি প্ল্যাটফর্মের সূচনা করেন। এই প্ল্যাটফর্ম থেকেই তিনি নানা কর্মসূচির নেতৃত্ব দিয়ে শিক্ষার্থীদের মধ্যে দৃঢ় অবস্থান তৈরি করেন।
স্বাধীন প্রার্থী থেকে ভিপি
শিবির-ছাত্রলীগ-ছাত্র ইউনিয়নের মতো ঐতিহ্যবাহী ছাত্র সংগঠনগুলোর বাইরে দাঁড়িয়ে জিতুর এই জয় তাই অনেকের কাছে ‘স্বতন্ত্র রাজনীতির সম্ভাবনা’ হিসেবে দেখা হচ্ছে। ছাত্ররাজনীতিতে গোষ্ঠীভিত্তিক প্রভাবের বাইরে থেকেও যে জনপ্রিয়তা অর্জন সম্ভব, জিতুর ভিপি পদে জয় তারই প্রমাণ।
ভিপি হিসেবে সামনে কী?
জিতুর ভিপি নির্বাচিত হওয়া শিক্ষার্থীদের প্রত্যাশাকে নতুন মাত্রা দিয়েছে। অনেকেই মনে করছেন, আন্দোলন থেকে উঠে আসা এই তরুণ নেতা এখন জাহাঙ্গীরনগরের ছাত্ররাজনীতিতে পরিবর্তনের প্রতীক হবেন। তবে একইসাথে তার সামনে থাকবে নানা চ্যালেঞ্জ—বিশেষ করে শিবির-প্রভাবিত জাকসুর সঙ্গে কাজ করা এবং শিক্ষার্থীদের প্রকৃত দাবিগুলোকে সামনে নিয়ে আসা।
হাআমা/
