হাসান আল মাহমুদ >>
চট্টগ্রামের প্রাচীন ও ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া পটিয়ার সদরে মুহতামিম ও শায়খুল হাদিস, আল্লামা মুফতি আহমাদ উল্লাহ (রহ.) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রোববার (১৪ সেপ্টেম্বর) ভোর ৬টা ৫৫ মিনিটে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। দীর্ঘদিন ধরে ব্রেইন স্ট্রোকজনিত জটিলতায় ভুগছিলেন তিনি।
তার ইন্তেকালে দেশের শীর্ষ আলেম, ইসলামী সংগঠন এবং রাজনৈতিক নেতৃত্ব গভীর শোক প্রকাশ করেছেন।
ইসলামী জ্ঞানের দিকপালকে হারালো দেশ : বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
আজ রবিবার সামাজিক মাধ্যমে এক গভীর শোক প্রকাশ করে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লিখেন, ‘দেশের প্রবীণ আলেম ও মুহাদ্দিস চট্টগ্রামের আল জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার সদরে মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা মুফতি আহমদুল্লাহ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।’
‘বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও দেশের প্রখ্যাত আলেম মুফতি আহমদুল্লাহ সাহেব ইসলামী জ্ঞান চর্চার মাধ্যমে ছাত্র-ছাত্রীদেরকে আদর্শ মানুষ হওয়ার যে শিক্ষা দিয়েছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে।’- বলেন তিনি।
তারেক রহমান আরও বলেন, ‘পৃথিবী থেকে তাঁর চিরবিদায়ে ইসলামী জ্ঞানের এক দিকপালের শিক্ষা থেকে বঞ্চিত হলো এদেশের মুসলিম সমাজ। তিনি মানুষকে সৎপথে চলার জন্য কোরআন-হাদিসের আলোকে শিক্ষাদান করতেন। বিনয়, প্রজ্ঞা ও সৌজন্যবোধ ছিল তাঁর স্বভাবজাত। জ্ঞান ও পান্ডিত্যে একজন খ্যাতিমান আলেম হিসেবে তিনি ছিলেন সর্বজন শ্রদ্ধেয়।’
দেশের স্বনামধন্য ইসলামী চিন্তাবিদ মুফতি আহমদুল্লাহ এর মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ আলেমে দ্বীনকে হারালো, এ শূন্যস্থান সহজে পূরণ হবার নয়।
আমি মুফতি আহমদুল্লাহ এর রুহের মাগফিরাত করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, গুণগ্রাহী, ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সহমর্মিতা ও সমবেদনা জানাচ্ছি।”
মুফতি আহমাদ উল্লাহ রহ. ছিলেন ইসলামী জ্ঞানের এক দিকপাল : পীর সাহেব চরমোনাই
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই জামিয়া ইসলামিয়া পটিয়ার শায়খুল হাদীস আল্লামা মুফতি হাফেজ আহমদ উল্লাহ সাহেবের ইন্তেকাল করেছেন গভীর শোক প্রকাশ করেছেন।
পীর সাহেব চরমোনাই বলেন, ‘মুফতি আহমাদ উল্লাহ ইসলামী জ্ঞান জগতের এক দিকপাল ছিলেন। তার মৃত্যুতে আমরা এক বরকতময় ইলমি ধারা থেকে বঞ্চিত হবো।’
মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই তাঁর শোকাহত পরিবার ও ছাত্রদের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে জান্নাতে তাঁর উন্নত মাকামের জন্য দোয়া করেন।
দেশবাসী প্রাজ্ঞ আলেমকে হারাল : পীর সাহেব মধুপুর
চট্টগ্রাম জামিয়া ইসলামিয়া পটিয়ার শায়খুল হাদিস ও সদরে মুহতামিম আল্লামা হাফেজ মুফতি আহমাদুল্লাহ রহ. আজ সকাল ৬:৫৫ মিনিটে চট্টগ্রামস্থ ন্যাশনাল হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ রোববার (১৪ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় মরহুমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমীর পীরে কামেল আল্লাআমা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর।
শোকবার্তায় তিনি বলেন, ‘মুফতি আহমাদুল্লাহ রহ. ছিলেন এ দেশের ইলমী জগতে এক উজ্জ্বল নক্ষত্র। তিনি দীনের খেদমতে আজীবন নিবেদিত থেকেছেন। আলেম সমাজের কাছে তিনি ছিলেন সম্মানিত মুরব্বি ও পথপ্রদর্শক। তাঁর ইন্তেকালে দেশবাসী এক প্রাজ্ঞ আলেমকে হারাল।’
পীর সাহেব মধুপুর আরও বলেন, ‘আমরা গভীরভাবে শোকাহত। তাঁর রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন এবং শোকাহত পরিবার, ছাত্র ও শুভানুধ্যায়ীদের সবরে জামিল দান করুন।’
হকপন্থী আলেম সমাজের এক উজ্জ্বল বাতিঘর ছিলেন মুফতি আহমাদ উল্লাহ রহ. : জমিয়ত
চট্টগ্রামের প্রখ্যাত আলেম, জামিয়া ইসলামিয়া পটিয়ার শাইখুল হাদিস ও সদরে মুহতামিম মাওলানা আহমদ উল্লাহ রহ. এর ইন্তেকালে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গভীর শোক প্রকাশ করছে। আজ রোববার সকালে চট্টগ্রামের একটি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি।
আজ রোববার (১৪ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই শোক জানান।
নেতৃদ্বয় শোকবার্তায় বলেন, ‘মাওলানা আহমদ উল্লাহ রহ. ছিলেন এ দেশের হকপন্থী আলেম সমাজের এক উজ্জ্বল বাতিঘর। তিনি আজীবন ইলমে দ্বীন, হাদিস, তাযকিয়া ও তাকওয়ার খেদমতে নিয়োজিত ছিলেন। তাঁর ইন্তেকালে মুসলিম উম্মাহ একজন খাঁটি দ্বীনদার আলেমকে হারালো।’
জমিয়তের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, ছাত্র-অনুরাগী ও মুরিদদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
তারা বলেন, ‘আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং তাঁর অবদানকে কবুল করে আমাদের জন্য অনুকরণীয় করে রাখুন।’
হাআমা/
