সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট শিশির মনিরকে সোনার দাঁড়িপাল্লা উপহার দিয়েছেন এক সমর্থক।
রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় শাল্লা শাহিদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘ঐক্য ও সম্প্রীতির সমাবেশে’ এই উপহার তুলে দেওয়া হয়। সমাবেশ চলাকালে ওই সমর্থক শিশির মনিরের হাতে প্রতীকী স্বর্ণের দাঁড়িপাল্লা তুলে দিলে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শিশির মনির বলেন, “দিরাই-শাল্লার মানুষ যদি আমাকে নির্বাচিত করে, তাহলে হাওর এলাকার মানুষের উন্নয়নের জন্য কাজ করব। তিনি আরও বলেন, আজকের সমাবেশে একজন মসজিদের ইমাম, একজন মন্দিরের পুরোহিত, একজন তৃতীয় লিঙ্গের প্রতিনিধি, একজন মুক্তিযোদ্ধা ও একজন জুলাই যোদ্ধা—সকলেই একসঙ্গে দাঁড়িয়েছেন। আগামী ১২ ফেব্রুয়ারি এই ঐক্যকে ঠেকানোর মতো শক্তি কারও নেই।”
শিশির মনির আরও বলেন, “আমাদের দায়িত্ব হলো হিন্দু-মুসলমান সবাইকে এক কাতারে এনে জনগণকে সঙ্গে নিয়ে বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক মডেল তৈরি করা। এই ঐক্য ও সম্প্রীতির মাধ্যমে উন্নয়ন ও ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব।”
সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিশির মনিরের সমর্থকরা উপস্থিত ছিলেন।
এমএআর/
