এমরান হোসেন, জামালপুর প্রতিনিধি:
জামালপুর- ৪ (সরিষাবাড়ী) আসনে নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রতিদ্বন্দ্বী ৬ প্রার্থী এক মঞ্চে দাঁড়িয়ে হাতে হাত ধরে শপথ নিয়েছেন।
রবিবার (৮ ফেব্রুয়ারী) দুপুরে সরিষাবাড়ী উপজেলা ডাক বাংলায় নির্বাচন সংক্রান্ত একটি বৈঠক শেষে নিচে এসে স্ব উদ্যোগে প্রার্থীরা এ শপথ করেন। বিএনপির মনোনীত প্রার্থী মো. ফরিদুল কবির তালুকদার শামীম (ধানের শীষ) এ শপথ বাক্য পাঠ করিয়েছেন।
শপথবাক্যে প্রার্থীরা জানান, নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ ও রায়কে সম্মান জানিয়ে আগামীতে এক পরিবার হয়ে একযোগে সরিষাবাড়ীর উন্নয়নে কাজ করবেন তারা। সরিষাবাড়ীকে মাদক ও দুর্নীতি মুক্ত করে শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের নগরী হিসেবে গড়ে তুলবেন।
এসময় শপথে অংশ নেন জামায়াতে ইসলামীর (দাড়িপাল্লা) প্রার্থী এডভোকেট মোহাম্মদ আব্দুল আওয়াল, ইসলামী আন্দোলনের (হাতপাখা) প্রার্থী মো. আলী আকবর, সিপিবি’র (কাস্তে) প্রার্থী মো. মাহবুব জামান জুয়েল, গণ অধিকার পরিষদের (ট্রাক) প্রার্থী মো. ইকবাল হোসেন ও নাগরিক ঐক্যের (কেতলি) প্রার্থী মো. কবির হাসান।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের একমঞ্চে দাড়িয়ে শপথকে সাধুবাদ জানিয়েছে সাধারণ ভোটাররা। আগামী ১২ ফেব্রুয়ারীর নির্বাচনকে ঘিরে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও প্রার্থীদের এমন বার্তা সাধারণ মানুষের মধ্যে আস্থা বাড়াতে পারে।
এমএআর/
