নির্বাচনের ছুটিতে ঘরমুখো মানুষের চাপ ও অতিরিক্ত যানবাহনের কারণে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এলেঙ্গা থেকে রাবনা বাইপাস পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহন আটকে পড়েছে, এতে চরম ভোগান্তিতে পড়েছেন উত্তরবঙ্গগামী যাত্রীরা।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকেই ঢাকা–টাঙ্গাইল–যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে শুরু করে। যদিও সোমবার রাতেই যানবাহনের সংখ্যা তুলনামূলক বেশি ছিল, তবে মঙ্গলবার বিকেল থেকে আবারও চাপ বেড়ে যায়। এর ফলে এলেঙ্গা থেকে রাবনা বাইপাস পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে পড়েছেন যাত্রীরা। অনেকেই গণপরিবহন না পেয়ে খোলা ট্রাক ও পিকআপ ভ্যানে ঝুঁকি নিয়ে যাত্রা করছেন।
এদিকে পরিবহন সংকটকে পুঁজি করে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও উঠেছে। নির্ধারিত ভাড়ার চেয়ে কয়েকগুণ বেশি টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
হাইওয়ে পুলিশ জানায়, টানা কয়েক দিনের নির্বাচনী ছুটিতে বিপুলসংখ্যক মানুষ একসঙ্গে বাড়ি ফিরছেন। এতে মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে এবং সাময়িক যানজটের সৃষ্টি হয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে বলেও জানান তারা।
এমএআর/
