শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়ে বাধা, ১৫০ জনের বিরুদ্ধে মামলা

by Fatih Work

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের সময় বাধা দেওয়া ও তার কর্মীদের ওপর হামলার অভিযোগে ১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে রুমিন ফারহানার কর্মী আহাদ বাদী হয়ে সরাইল থানায় মামলাটি করেন। এতে সরাইল উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে প্রধান আসামি করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া জানান, মামলায় পাঁচজনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে এবং অজ্ঞাতনামা ১৪০-১৫০ জনকে আসামি করা হয়েছে। মামলা নথিভুক্ত হয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি ঘটে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে। সরাইল উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গেলে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে পড়েন রুমিন ফারহানা। এ সময় তাকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেওয়া হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়ে ধস্তাধস্তির ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, বিএনপির কিছু কর্মী তার পুষ্পস্তবক ছিঁড়ে ফেলেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শ্রদ্ধা নিবেদন না করেই কর্মী-সমর্থকদের পাহারায় শহীদ মিনার এলাকা ত্যাগ করেন তিনি।

ঘটনার প্রতিবাদে রাত সাড়ে ১২টার দিকে তার সমর্থকরা সরাইলের শাহবাজপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। এতে প্রায় এক ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে।

উল্লেখ্য, আলোচিত এই নারী নেত্রী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে বিজয়ী হন। দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থী হওয়ায় তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222