সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও জবরদখলের সঙ্গে জড়িত কেউ বিএনপিতে স্থান পাবে না—এমন কঠোর বার্তার পর এবার সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম একটি হটলাইন নম্বর চালু করেছেন।
শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি অভিযোগ ও পরামর্শ গ্রহণের জন্য এ হটলাইন নম্বর প্রকাশ করেন।
আমিরুল ইসলাম খান আলিম রাজশাহী বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক।
এর আগে বিকেলে এনায়েতপুর থানা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে কেজি মোড়ের দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত এ সংসদ সদস্য নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ”জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে নতুনভাবে দেশ গঠনে সবাইকে আত্মনিয়োগ করতে হবে। জনগণের সামনে কোনো ধরনের দাপট বা গোষ্ঠীগত প্রভাব বিস্তার বরদাশত করা হবে না।” তিনি বলেন, তিনি সবসময় জনগণের পক্ষে থাকবেন। এলাকায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের দ্রুত এ কার্যক্রম বন্ধ করতে হবে। কোনো অপরাধী বা মাদককারবারির বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা না নিলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। ভবিষ্যতে জনবিচ্ছিন্ন কাউকে দলীয় পদ-পদবি দেওয়া হবে না বলেও তিনি সতর্ক করেন। অপরাধ প্রমাণিত হলে দলীয়ভাবে বহিষ্কার এবং প্রয়োজনে প্রশাসনের হাতে তুলে দেওয়ার কথাও জানান তিনি।
এ সময় তিনি মুকুন্দগাতি ও কেজি মোড়ের যানজট নিরসন, তাঁত শিল্পে গ্যাস সংযোগ, যমুনার ভাঙনরোধ এবং এনায়েতপুরকে পৌরসভা হিসেবে বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।
রাতে হটলাইন চালুর বিষয়ে এমপি আলিম জানান, এলাকার অন্যায়-অপরাধের তথ্যের পাশাপাশি উন্নয়নমূলক কর্মকাণ্ডে জনগণের পরামর্শ পেতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা সাইদুল ইসলাম, এনায়েতপুর থানা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম মাস্টার, সাবেক সদস্য সচিব মঞ্জু সিকদার, সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক শেখ, থানা যুবদলের আহ্বায়ক জাহিদ হাসান জহুরুলসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।
এমএআর/
