প্রবাসীর পাঁচ ঘণ্টার মুক্তি, মায়ের জানাজায় আবেগঘন মুহূর্ত

by Fatih Work

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অস্ত্র মামলায় কারাবন্দি সৌদি-প্রবাসী ইকবাল হোসেন (৪৭) মায়ের জানাজায় অংশ নিতে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান। তবে পুরো সময় তিনি ছিলেন কঠোর পুলিশি পাহারায়, হাতে ছিল হাতকড়া।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১১টা ৪০ মিনিটে তার মা আনোয়ারা বেগম হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে প্যারোলে মুক্তি পেয়ে ইকবাল বাড়িতে গিয়ে মায়ের মরদেহে শেষবারের মতো শ্রদ্ধা জানান এবং জানাজা ও দাফন সম্পন্ন করেন।

বিজ্ঞাপন
banner

বাদ আসর রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের সাদেক শাহ (রা.) মাদ্রাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত হয়ে ইকবাল আবেগাপ্লুত হয়ে পড়েন। স্বজনদের আহাজারিতে শোকের আবহ আরও ভারী হয়ে ওঠে।

মুসল্লিদের উদ্দেশে তিনি বলেন, “২২ বছর সৌদি আরবে প্রবাস জীবন কাটিয়েছি। সবাইকে সাক্ষী রেখে বলছি, আমি কোনো অপরাধ করিনি। আমাকে পরিকল্পিতভাবে মামলায় জড়ানো হয়েছে।”

ইকবালের ভাষ্য অনুযায়ী, জাতীয় নির্বাচনের আগে দেশে ফিরে তিনি একটি রাজনৈতিক দলের প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেন। নির্বাচনের দুই দিন আগে গভীর রাতে আইনশৃঙ্খলা বাহিনী তাকে নিজ বাড়ি থেকে আটক করে। পরে বাড়ি থেকে দূরে একটি অস্ত্র উদ্ধারের ঘটনায় তাকে আসামি করা হয়। বর্তমানে তিনি চট্টগ্রাম কারাগারে বন্দি রয়েছেন।

তিনি অভিযোগ করেন, “ঘর তল্লাশি করেও কিছু পাওয়া যায়নি। বাইরে থেকে অস্ত্র এনে আমাকে ফাঁসানো হয়েছে।” এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

জানাজায় উপস্থিত স্থানীয় বিএনপি নেতারা দাবি করেন, ইকবাল নির্দোষ এবং ষড়যন্ত্র করে তাকে মামলায় জড়ানো হয়েছে। তারা তার নিঃশর্ত মুক্তির দাবি জানান।

এদিকে, তার গ্রেপ্তারকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভ বিরাজ করছে। গত শুক্রবার ইসলামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে স্থানীয়রা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। বক্তারা বলেন, ইকবাল দীর্ঘদিন প্রবাসে থেকে এলাকায় বিভিন্ন সামাজিক ও ধর্মীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন।

প্রতিবেদন লেখা পর্যন্ত মামলার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222