হবিগঞ্জের বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষারকে আটকের প্রতিবাদে দলীয় নেতাকর্মীরা আবারও ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। রোববার সন্ধ্যার পর দ্বিতীয় দফায় উপজেলার মিরপুর বাজার এলাকায় মহাসড়ক অবরোধ করা হয়।
বিক্ষোভকারীরা সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে ফেরদৌস চৌধুরী তুষারের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামকে অবিলম্বে প্রত্যাহারের দাবিও জানান তারা। এ সময় প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে অবরোধ প্রত্যাহার করা হয়।
এর আগে শনিবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামকে উদ্দেশ করে কুরুচিপূর্ণ ভাষায় কথা বলার একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। অডিওটি দ্রুত ভাইরাল হলে জেলায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার নিজ বাসা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) ফেরদৌস চৌধুরী তুষারকে আটক করে। পরে বেলা দেড়টার দিকে প্রথম দফায় মিরপুর এলাকায় ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ করা হয়। এতে প্রায় আধা ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে।
এমএআর/
