বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি:
একদলীয় বাকশাল ব্যবস্থা, যা দেশের ওপর জগদ্দল পাথরের মতো চাপিয়ে দেওয়া হয়েছিল— বিএনপি তাতে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, স্বাধীনতার পক্ষে ভূমিকা রেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটি বহুদলীয় ও সংসদীয় গণতন্ত্রে আস্থাশীল এবং সে পথেই এগিয়ে যাবে।
তিনি আরও বলেন, টানা ১৭ বছরের আওয়ামী স্বৈরশাসনের পর জনগণের ভোটে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের মাধ্যমে যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে, তা রক্ষায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদী জেলার পাঁচটি আসনে বিপুল ভোটে বিজয় অর্জনের পর দলীয় নেতাকর্মীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানান। এ সময় উপস্থিত ছিলেন ড. আব্দুল মঈন খান এমপি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার শাখায়াত হোসেন বকুল এমপি, জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন এমপি, সেক্রেটারি আলহাজ মনজুর এলাহী এমপি, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপিসহ জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
এ ছাড়া বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী অনুষ্ঠানে অংশ নেন এবং পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এমএআর/
