পাবনার ভাঙ্গুড়ায় চেক ডিসঅনার মামলার এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে তাকে না পেয়ে তার স্ত্রী ও ভাই-ভাবীকে গালিগালাজ ও মারধরের অভিযোগ উঠেছে থানা-পুলিশের বিরুদ্ধে। তবে পুলিশ এ অভিযোগ অস্বীকার করে একে ভিত্তিহীন দাবি করেছে।
বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ঝবঝবিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, চেক ডিসঅনার মামলার আসামি ও স্থানীয় জামায়াত কর্মী আব্দুর রহিম রুবেলকে ধরতে এসআই আনিসের নেতৃত্বে ১০-১২ জন পুলিশ সদস্য তার বাড়িতে অভিযান চালান। অভিযোগ রয়েছে, দরজা খুলতে দেরি হওয়ায় পুলিশ সদস্যরা দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন।
পরিবারের দাবি, রুবেল বাড়িতে না থাকায় তার স্ত্রী ফজিলা খাতুন জামিনের কাগজপত্র দেখান। এরপরও তাকে পালাতে সহায়তার অভিযোগ এনে পুলিশ সদস্যরা গালিগালাজ করেন এবং রুবেলের ভাই রনি ইসলাম (২৫), ভাবী স্বপ্না খাতুন (২৩) ও স্ত্রী ফজিলা খাতুনকে মারধর করেন। আহত রনি ও স্বপ্নাকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর উপজেলা জামায়াতে ইসলামীর আমির ডা. মহির উদ্দিন হাসপাতালে আহতদের দেখতে গিয়ে ঘটনার নিন্দা জানান এবং দায়ীদের শাস্তির দাবি করেন।
অন্যদিকে, ভাঙ্গুড়া থানার ওসি এস এম মোস্তাফিজুর রহমান বলেন, আসামিকে গ্রেপ্তার করতে গেলে বাড়ির লোকজন তাকে পালাতে সহায়তা করেন এবং পুলিশের সঙ্গে অসদাচরণ করেন। ধাক্কাধাক্কির ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হন এবং তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এমএআর/
