ফরিদপুরের সালথায় গত ২০ ফেব্রুয়ারি রান্নাঘর থেকে অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো কৃষক মজিবুর মাতুব্বরের পাশে দাঁড়িয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে তিনি উপজেলার আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী প্রদান করেন।
প্রতিমন্ত্রী উপজেলা চত্বরে পৌঁছালে তাকে উপজেলা প্রশাসন স্বাগত জানান এবং পুলিশের পক্ষ থেকে গার্ড অফ অনার প্রদান করা হয়। সহায়তা প্রদান শেষে শামা ওবায়েদ ইসলাম উপজেলার ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেন। এই মাহফিল আয়োজনে ছিলেন বল্লভদী, যদুনন্দী ও সোনাপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠন।
সহায়তা প্রদানকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “একটি পরিবার হঠাৎ সবকিছু হারিয়েছে। এটি অত্যন্ত মর্মান্তিক। আমরা তাদের পাশে আছি। পরিবারটিকে দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করা হবে এবং সরকারি সহায়তা নিশ্চিত করা হবে।”
ক্ষতিগ্রস্ত কৃষক মজিবুর মাতুব্বর বলেন, “আগুনে সব হারিয়ে দিশেহারা হয়ে গিয়েছিলাম। এখন অন্তত পরিবার নিয়ে মাথা গোঁজার আশা আবার জেগেছে।” তিনি আরও জানান, আগুনে তার প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মাহমুদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ূন কবির, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর প্রমুখ।
এমএআর/
