ফরিদপুরে মাদক ছাড়তে বলায় স্ত্রী-ছেলেকে বেঁধে মারধর

by Fatih Work

সালথা, ফরিদপুর প্রতিনিধি: মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে স্ত্রী ও স্কুলপড়ুয়া ছেলেকে বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে সাহিদ শেখ (৪৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, নির্যাতনের পাশাপাশি তিনি ছেলের এসএসসি পরীক্ষার সব বই-খাতাও পুড়িয়ে দেন।

ঘটনাটি সম্প্রতি উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে ঘটে। সাহিদ শেখ ওই গ্রামের মো. আকুব্বর শেখের ছেলে।

বিজ্ঞাপন
banner

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল থেকে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

এলাকাবাসীর ভাষ্য, সাহিদ শেখ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত। অতীতে মাদকসহ একাধিকবার গ্রেপ্তার হয়ে কারাভোগ করলেও তিনি ফের একই কর্মকাণ্ডে যুক্ত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সাহিদের ছেলে আশিক শেখ চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী। বাবার মাদক ব্যবসার কারণে সামাজিকভাবে বিব্রত থাকত সে। এ নিয়ে বাবার প্রতিবাদ করে এবং মাদক ছেড়ে দেওয়ার অনুরোধ জানালে ক্ষিপ্ত হন সাহিদ। গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে তিনি স্ত্রী জাহানারা বেগম ও ছেলে আশিককে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে দীর্ঘ সময় ধরে মারধর করেন। একপর্যায়ে আশিকের পড়াশোনা বন্ধ করে দিতে তার সব বই-খাতায় আগুন ধরিয়ে দেন।

নির্যাতনের পর প্রাণভয়ে মা ও ছেলে পাশের গ্রামের এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী আশিক সালথা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

সাহিদের স্ত্রী জাহানারা বেগম অভিযোগ করে বলেন, তার স্বামী মাদক ব্যবসা ও আসক্তির সঙ্গে জড়িত। তিনি সংসারের দায়িত্ব পালন করেন না; বরং প্রতিবাদ করলেই নির্যাতন করেন। গত বুধবার বাড়িতে লোকজন নিয়ে মাদক সেবনের সময় বাধা দিলে তাদের খুঁটিতে বেঁধে মারধর করা হয়। এছাড়া তাদের ছোট ছেলে জুনায়েদকে আটকে রেখে মা-ছেলেকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। তিনি সন্তানের নিরাপত্তা ও স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

সালথা থানার ওসি (তদন্ত) মো. মারুফ হাসান রাসেল বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান চলছে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222