নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশের একটি ডোবা থেকে নাদিয়া সুলতানা (২) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নাদিয়া পিতাম্বরপুর গ্রামের মিন হাজী বাড়ির সৌদি প্রবাসী নাহিদ হাসানের মেয়ে।
শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার দেওটি ইউনিয়নের পিতাম্বরপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বাড়ির আঙিনা থেকে নিখোঁজ হয় নাদিয়া। পরিবারের সদস্য ও প্রতিবেশীরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে এ ঘটনায় সোনাইমুড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
শনিবার সকালে বাড়ির পাশের একটি ডোবায় লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সোনাইমুড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এমএআর/
