আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেছেন, নারী ও শিশু ধর্ষণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেউ তাদের আশ্রয়-প্রশ্রয় দিলে “শেকড়সহ উপড়ে ফেলা হবে” বলেও হুঁশিয়ারি দেন তিনি।
শনিবার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার আইনসঙ্গতভাবে ফ্যাসিস্টদের বিচার করতে বদ্ধপরিকর। মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া চলমান থাকবে এবং আইন তার নিজস্ব গতিতেই চলবে। আদালতের রায় সঠিক কি না, তা পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।
মামলা জট প্রসঙ্গে তিনি বলেন, সরকার দায়িত্ব গ্রহণ করেছে অল্প সময় আগে। যথাসময়ে সাংবিধানিকভাবে জারি করা সব অধ্যাদেশ বিল আকারে সংসদে উপস্থাপন করা হবে। প্রথম অধিবেশনের প্রথম দিনেই ১৩৩টি অধ্যাদেশ পেশ করা হবে বলে উল্লেখ করেন তিনি।
সরকারি দপ্তরের কর্মকর্তাদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, জনগণের জন্য বরাদ্দকৃত অর্থ সঠিকভাবে ব্যয় নিশ্চিত করতে হবে। কেউ দুর্নীতির আশ্রয় নিলে চাকরি হারানোর পাশাপাশি তার বিরুদ্ধে মামলাও হবে।
তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাস, রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও সহিংসতার বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। প্রশাসনকে নিরপেক্ষভাবে আইন প্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। গুটিকয়েক মানুষের কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
এমএআর/
