নারায়ণগঞ্জে বকেয়া বেতন নিয়ে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে, যার ফলে অন্তত ২০ জন আহত হয়েছেন।
শনিবার সকালে রূপগঞ্জ উপজেলার মইকুলি এলাকায় অবস্থিত ‘বি ব্রাদার্স কোম্পানি লিমিটেড’ নামের একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিকরা বকেয়া বেতন দাবিতে অসন্তোষ প্রকাশ করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে এবং শ্রমিকরা ঢাকা–সিলেট মহাসড়ক প্রায় পাঁচ ঘণ্টা ধরে অবরোধ করে রাখেন। এতে উভয় পাশে প্রায় ১৮ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়, সাধারণ যাত্রী, পথচারী এবং রোগীবাহী অ্যাম্বুলেন্সও যানজটে আটকা পড়ে।
দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ শ্রমিকদের সরাতে টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ চালায়। শ্রমিকরাও পাল্টা ইটপাটকেল ছোড়েন। সংঘর্ষে অন্তত ২০ জন শ্রমিক এবং সাতজন পুলিশ সদস্য আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হন। পরে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সেনাবাহিনীর সদস্যরা শ্রমিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে তাদের দাবিগুলো সমাধানের আশ্বাস দেন। এতে শ্রমিকরা অবরোধ তুলে নেন।
নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু জানান, শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের জন্য মালিকপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে এবং শ্রমিকদের ন্যায্য পাওনা বুঝিয়ে দেওয়া হবে।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা গুরুত্বপূর্ণ মহাসড়ক অবরোধ করেছিলেন, কিন্তু সংসদ সদস্যের নির্দেশনায় সমাধানের প্রক্রিয়া শুরু হয়েছে এবং কারও চাকরি যাওয়ার কোনো সম্ভাবনা নেই।
সেনাবাহিনীর রূপগঞ্জ ক্যাম্প কমান্ডার মেজর মো. রিয়াদ জানান, অবরোধের খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে কথা বলেন, পরে শ্রমিকরা স্বেচ্ছায় অবরোধ তুলে নেন। প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর ধীরে ধীরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এমএআর/
