নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের পৃথক বিশেষ অভিযানে মাদকদ্রব্যসহ ১৩ জন মাদক কারবারি এবং ধর্ষণ ও চুরিসহ বিভিন্ন মামলার আরও ৯ আসামিসহ মোট ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৫ মার্চ) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক গণমাধ্যমকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, শনিবার রাতভর সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানকালে গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ৪ কেজি ১৫০ গ্রাম গাঁজা, ২২২ পুরিয়া হেরোইন এবং ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, জাবেদ আলী ওরফে জয়দেব, আব্দুল আহাদ, কামরুন্নাহার ওরফে বানু, সাকিব হোসেন খান, তাওহীদুল ইসলাম, ইয়ার হোসেন, আবু সিদ্দিক, শাকিল মিয়া, ওসমান গনি, সাগর, হানিফ, জাকির, রোকেয়া বেগম, জাহিদ, কাউছার, ইছাহাক মিয়া, হুমায়ূন কবির, রাকিব মিয়া, মিলন সরদার, আবির, রিফাত এবং রুহুল আমিন ওরফে নুরুল আমিন রুহুল। পুলিশি অভিযানে মাদক কারবারিদের পাশাপাশি এলাকায় ত্রাস সৃষ্টিকারী ও দণ্ডপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তার করায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ধর্ষণ ও চুরির মামলার আসামিসহ ওয়ারেন্টভুক্ত অন্য আসামিদের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে যথাযথ পুলিশি পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, অপরাধ ও মাদক নির্মূলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
টিএইচএ/
