বেনাপোল প্রতিনিধি: পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও চূড়ান্ত পর্বের ভোটগ্রহণকে কেন্দ্র করে বাংলাদেশ–ভারতের মধ্যে যাত্রী ও যানবাহন চলাচল সীমিত করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) অনুষ্ঠেয় এই নির্বাচনকে কেন্দ্র করে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলের বিপরীতে ভারতের পেট্রাপোল সীমান্ত দিয়ে এই বিধিনিষেধ জারি করে ভারতীয় কর্তৃপক্ষ। মঙ্গলবার সকাল থেকেই সীমান্তের ওপারে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে গত ২৬ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে, যা ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে। উত্তর ২৪ পরগনার জেলা ম্যাজিস্ট্রেট এক আদেশে জানান, নির্বাচনী এলাকাগুলো থেকে বাংলাদেশে যাওয়া এবং বাংলাদেশ থেকে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের ওপর সাময়িকভাবে কড়াকড়ি আরোপ করা হয়েছে। তবে চিকিৎসা সংক্রান্ত জরুরি অবস্থা, ভোটাধিকার প্রয়োগের জন্য ফিরে আসা ভোটার এবং পচনশীল পণ্য পরিবহনের ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হবে বলে জানানো হয়।
পেট্রাপোল স্থলবন্দরের এক কর্মকর্তা জানিয়েছেন, উত্তর ২৪ পরগনার মতো সীমান্ত জেলাগুলোতে নির্বাচনের ওপর যেন কোনো আন্তঃসীমান্ত প্রভাব না পড়ে, সেজন্যই এই পদক্ষেপ। সাধারণত এই বন্দর দিয়ে প্রতিদিন গড়ে ৭০০ থেকে ১০০০ ট্রাক পণ্য পারাপার হয়। কিন্তু বিধি আরোপের ফলে বাণিজ্যে সাময়িক ধীরগতি দেখা দিয়েছে। বিশেষ করে পোশাক, সুতা এবং খাদ্যদ্রব্যবাহী ট্রাকগুলোর যাতায়াত কমে গেছে। নদীয়া ও মুর্শিদাবাদ জেলার ছোট স্থল শুল্ক স্টেশনগুলোতেও একই ধরনের সতর্কতা অবলম্বন করছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
উল্লেখ্য, বুধবার পশ্চিমবঙ্গের ১৪২টি বিধানসভা কেন্দ্রে চূড়ান্ত দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে গত ২৩ এপ্রিল প্রথম দফায় ১৫২টি কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে, যেখানে ৯৩.১৯ শতাংশ ভোট পড়েছে। আগামীকালকের ভোটগ্রহণ শেষে আগামী ৪ মে নির্বাচনের ফলাফল ঘোষণা করবে ভারতের নির্বাচন কমিশন। ভোট ঘিরে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা অননুমোদিত চলাচল রোধে পুরো সীমান্ত জুড়ে কঠোর নজরদারি চালানো হচ্ছে।
টিএইচএ/
