ইসরাইলকে স্বীকৃতি দিতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাকিস্তানের ওপর কোনো চাপ নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত রিজওয়ান সাঈদ শেখ।
খবর জিও নিউজের।
টেক্সাসের ডালাসে প্রবাসী কমিউনিটির এক অনুষ্ঠানে তিনি বলেন, ইসরাইল ইস্যুতে পাকিস্তানের অবস্থান অপরিবর্তিত রয়েছে। এসময় রাষ্ট্রদূত বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক বিষয় নিয়ে কথা বলেন। তিনি নিশ্চিত করে বলেছেন, ইসরাইলের বিষয়ে পাকিস্তানের অবস্থান অপরিবর্তিত রয়েছে। এ বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে দেশের স্বার্থ ও নীতির ভিত্তিতে।
তিনি বলেন পাকিস্তানের পররাষ্ট্রনীতি স্বতন্ত্র এবং নিজস্ব অগ্রাধিকার অনুযায়ী পরিচালিত হয়।
রাষ্ট্রদূত রিজওয়ান বলেন, ইসরাইল বিষয়ে পাকিস্তানের অবস্থান দেশটির প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর নীতির সঙ্গে মিল রয়েছে। জিন্নাহ ফিলিস্তিনি জনগণের অধিকার সমর্থন করেছিলেন এবং তাদের ভূমি দখলের অন্যায় বিরোধিতা করেছিলেন।
মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি আরব দেশের সঙ্গে ইসরাইলের সম্পর্ক স্বাভাবিক হওয়ার প্রেক্ষাপটে পাকিস্তানি রাষ্ট্রদূতের এই মন্তব্য এলো। ইসরাইলের সঙ্গে পাকিস্তানের কোন কূটনৈতিক সম্পর্ক নেই। পাকিস্তান মনে করে যে ফিলিস্তিন সমস্যার ন্যায্য নিষ্পত্তির পরেই কেবল সম্পর্ক স্বাভাবিকীকরণ সম্ভব হবে।
রাষ্ট্রদূত পাকিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়েও কথা বলেন। তিনি বলেন, দুই দেশের মধ্যে সম্পর্ক ইতিবাচক পথে এগোচ্ছে এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি পাচ্ছে। তিনি জানান, প্রযুক্তি, শিক্ষা, বাণিজ্যসহ নানা খাতে পারস্পরিক অংশীদারত্ব বাড়ছে।
তিনি বলেন, পাকিস্তান শান্তির পক্ষে, তবে দেশের প্রতিরক্ষা ও সার্বভৌমত্বের ক্ষেত্রে কোনো আপস করবে না।
ইরান এবং ইসরাইলের মধ্যে সাম্প্রতিক যুদ্ধে সময়, পাকিস্তান ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে তেহরানকে সমর্থন করেছিল।
এআইএল/
