আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে সোমবার এশিয়া কাপের গ্রুপ পর্বে দারুণ জয় তুলে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। ব্যাটে ঝড় তোলেন অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম ও অলরাউন্ডার আলিশান শরাফু। এরপর বল হাতে ম্যাচে আগুন ঝরান পেসার জুনায়েদ সিদ্দিকী। তাদের সম্মিলিত নৈপুণ্যে ৪২ রানে হারিয়েছে ওমানকে।
প্রথমে ব্যাট করতে নেমে ইউএই তোলে ২০ ওভারে ৫ উইকেটে ১৭২ রান। শক্ত ভিত গড়ে দেন দুই ওপেনার ওয়াসিম ও শরাফু। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ৮১ রান। আলিশান শরাফু ৩৮ বলে ৫১ রানের ঝড়ো ইনিংস খেলে সাজঘরে ফেরেন। অন্যদিকে, অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম খেলেন ৬৯ রানের অসাধারণ ইনিংস, যা ছিল তার টি–টোয়েন্টি ক্যারিয়ারের ২৪তম অর্ধশতক। এই ইনিংসেই তিনি প্রথম এমিরাতি ব্যাটার হিসেবে ছুঁয়ে ফেলেছেন ৩ হাজার আন্তর্জাতিক টি–টোয়েন্টি রানের মাইলফলক।
শেষদিকে হারশিত কৌশিকের ৮ বলে ১৯ রানের ঝোড়ো ইনিংসে ভর করে বড় সংগ্রহ দাঁড় করায় ইউএই।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ভেঙে পড়ে ওমানের টপ অর্ডার। ম্যাচের প্রথম ওভারেই জুনায়েদ সিদ্দিকী ফিরিয়ে দেন আমির কালিমকে। নিজের পরের ওভারে সাজঘরে পাঠান ওমান অধিনায়ক যতীন্দ্র সিংকে, যিনি করেন ১০ বলে ২০ রান। পাওয়ারপ্লের মধ্যেই হায়দার আলী ও মোহাম্মদ রোহিদের আঘাতে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে ওমান।
মাঝে আরিয়ান বিষ্ট (২৪) ও ভিনায়ক শুক্লা (২০) কিছুটা প্রতিরোধ গড়লেও সেগুলো যথেষ্ট ছিল না। জাওয়াদুল্লাহ সেই জুটি ভেঙে দিলে আবারও আগুন ঝরান জুনায়েদ। একই ওভারে ফেরান শুক্লা ও হাসনাইন শাহকে।
৪ ওভারে মাত্র ২৩ রান দিয়ে ৪ উইকেট নেন জুনায়েদ সিদ্দিকী। তার দুর্দান্ত স্পেলেই শেষ পর্যন্ত ১৩০ রানেই থেমে যায় ওমানের ইনিংস।
এই জয়ে গ্রুপে গুরুত্বপূর্ণ পয়েন্ট অর্জন করল সংযুক্ত আরব আমিরাত, আর আত্মবিশ্বাসের দারুণ জ্বালানিও পেল আগামী ম্যাচগুলোর আগে।
টিএইচএ/
ইউএই’র দুর্দান্ত জয়, জ্বললেন ওয়াসিম-জুনায়েদ
111