দুই কারণে হেরেছে বাংলাদেশ: ফিল সিমন্স

by Fatih Work

কথায় আছে, “ক্যাচ মিস তো ম্যাচ মিস”। ঠিক সেটাই ঘটল বাংলাদেশের ক্ষেত্রে। একের পর এক ক্যাচ মিস ও বাজে শট নির্বাচনের মাশুল গুনে পাকিস্তানের কাছে ১১ রানে হেরে এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। ম্যাচ শেষে দলের প্রধান কোচ ফিল সিমন্সও হারের দায় চাপালেন ফিল্ডিং ও ব্যাটিং ব্যর্থতার ওপর।

পাকিস্তানের ইনিংসে ৫ উইকেটে ৫১ রানে থাকা অবস্থায় জীবন পান শাহিন শাহ আফ্রিদি। নুরুল হাসান সোহান ও শেখ মেহেদী হাসান তাঁর দুটি সহজ ক্যাচ ফেলেন। সুযোগ কাজে লাগিয়ে শাহিন ১৩ বলে করেন ১৯ রান, পাকিস্তানকে নিয়ে যান ভালো অবস্থানে। শূন্য রানে থাকা অবস্থায় মোহাম্মদ নওয়াজের ক্যাচও ফেলেন পারভেজ হোসেন ইমন। নওয়াজ শেষ পর্যন্ত ১৫ বলে ২৫ রান করেন, যা পাকিস্তানের স্কোরকে ১৩০–এর ওপরে নিয়ে যেতে সাহায্য করে।

বিজ্ঞাপন
banner

ম্যাচ শেষে কোচ সিমন্স বলেন,

“আমরা যখন শাহীন ও নওয়াজকে ছেড়ে দিয়েছি, তখনই খেলার মোড় ঘুরে গেছে। এর আগে আমরা পুরোপুরি নিয়ন্ত্রণে ছিলাম। কিছু ক্যাচ হয়তো আলোর কারণে কঠিন ছিল, কিন্তু আমরা যেগুলো হারিয়েছি, তার সঙ্গে আলোর কোনো সম্পর্ক নেই।”

১৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের ব্যাটাররা বড় শট খেলতে গিয়ে একে একে ফিরেছেন। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সিমন্স। তাঁর মতে, ম্যাচে জয় পেতে নির্দিষ্ট কোনো ওভারে চাপ সৃষ্টি করার প্রয়োজন ছিল না, বরং দায়িত্বশীল ব্যাটিংই যথেষ্ট ছিল।

তিনি বলেন,

“আমাদের নির্দিষ্ট কোনো ওভারে জেতার দরকার ছিল না। শুধু জিতলেই চলত। কিন্তু আমরা সেরা শট নির্বাচন করিনি। দুই ম্যাচ আগে আমরা একই উইকেটে ১৬০ রান তাড়া করেছি। আজ ব্যাটিং অর্ডার নয়, সিদ্ধান্তের ভুল ছিল মূল কারণ।”

ব্যাটিং ব্যর্থতায় এশিয়া কাপ শেষ হলেও কোচ সিমন্স আলাদা করে প্রশংসা করেছেন ওপেনার সাইফ হাসান ও দলের বোলারদের। শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে দুটি ফিফটিসহ চার ম্যাচে ১৭৮ রান করেছেন সাইফ।

সিমন্স বলেন,

“সাইফ হাসান অবশ্যই সবচেয়ে বড় ইতিবাচক। আর আমাদের বোলাররা পুরো টুর্নামেন্টে দারুণ খেলেছে।”

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222