আইসিসি র‍্যাঙ্কিংয়ে পদোন্নতি রিশাদের

by Fatih Work

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি সিরিজে ব্যাটে-বলে চমৎকার পারফরম্যান্স করে আইসিসি র‍্যাঙ্কিংয়ে পদোন্নতি পেলেন রিশাদ হোসেন। অলরাউন্ডারদের তালিকায় বিশাল লাফ দিয়ে ৮৭ ধাপ এগোলেন আর বোলারদের তালিকায় ৬৫ ধাপ এগোলেন বাংলাদেশের তরুণ এই লেগ স্পিনিং অলরাউন্ডার।

ছেলেদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি বুধবার প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি। রিশাদের বড় লাফ ছাড়াও র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, সৌম্য সরকারদের।

বিজ্ঞাপন
banner

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ব্যাট হাতে ১৩ বলে ২৬ রানের পর ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৩৫ রানে ৬ উইকেট নেন রিশাদ। পরের ম্যাচে তার ব্যাট থেকে আসে ১৪ বলে ৩৯ রান। আর বল হাতে নেন ৩ উইকেট।

এমন অলরাউন্ড নৈপুণ্যে দেখিয়ে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে ১২৪ নম্বর থেকে এক লাফে ৮৭ ধাপ এগিয়ে ৩৭ নম্বরে উঠে এসেছেন রিশাদ। বর্তমানে তার রেটিং ১৫১ পয়েন্ট। এই তালিকায় ১ ধাপ এগিয়েছেন মিরাজ। ২৭৩ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে আছেন বাংলাদেশ অধিনায়ক।

অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই।

ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে সেরা ত্রিশে নেই বাংলাদেশের কেউ। প্রথম ওয়ানডেতে ৯০ বলে ৫১ রান করে ৭ ধাপ এগিয়ে ৩৫ নম্বরে উঠেছেন হৃদয়। ৪৩ নম্বর স্থানে অনড় আছেন নাজমুল হোসেন শান্ত। ২ ধাপ এগিয়ে এখন ৬৩ নম্বরে মিরাজ।

এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির পর আবার ওয়ানডে দলে ফেরা সৌম্য ৫ ধাপ এগিয়ে আছেন ৮৬ নম্বরে। এই তালিকায় এক নম্বরে ভারতের শুবমান গিল।

দুই ম্যাচে ৯ উইকেট নিয়ে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ লাফিয়ে এখন ক্যারিয়ার সেরা ৬৬ নম্বরে আছেন রিশাদ। তার নামের পাশে আছে ৪৩০ রেটিং পয়েন্ট। এটিও তার ক্যারিয়ার সেরা।

বোলিং র‍্যাঙ্কিংয়ে ৬ ধাপ এগিয়ে ১৮ নম্বরে উঠেছেন মিরাজ। বাংলাদেশের বোলারদের মধ্যে তিনিই সবার ওপরে। ৪ ধাপ পিছিয়ে ৩৮ নম্বরে নেমেছেন তাসকিন আহমেদ। আর ৫৬ নম্বরে অনড় মোস্তাফিজুর রহমান।

বোলারদের তালিকায় এক নম্বরে আফগানিস্তানের রশিদ খান।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222