চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শেষ ওভারের ঝড়ে জয় হাতছাড়া হলো বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজকে দেড়শ রানের মধ্যে আটকে রাখার সম্ভাবনা তৈরি করলেও রভম্যান পাওয়েলের ঝড়ো ব্যাটিংয়ে সব হিসেব ওলটপালট হয়ে যায়। শেষ ওভারে তানজিম হাসান সাকিবকে টানা তিন ছক্কাসহ ২২ রান নিয়ে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস শেষ হয় ১৬৫ রানে।
টস জিতে ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ছিল মন্থর। পাওয়ার প্লের ছয় ওভারে আসে মাত্র ৩৫ রান। দশ ওভার শেষে স্কোর দাঁড়ায় ৭০/১। তবে শেষ দিকে শাই হোপ ও পাওয়েলের আগ্রাসী ব্যাটিংয়ে শেষ তিন ওভারে আসে ৫১ রান।
এর আগে ১৬তম ওভারে মোস্তাফিজুর রহমানের বলে শর্ট থার্ড ম্যান অঞ্চলে পাওয়েলের একটি সহজ ক্যাচ ফেলে দেন তানজিম সাকিব। সেই পাওয়েলই পরে ম্যাচ ঘুরিয়ে দেন শেষ ওভারে।
রান তাড়ায় বাংলাদেশের ব্যাটাররা প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারায় শেষ পর্যন্ত ১৬ রানে হেরে যায় দলটি। ম্যাচ শেষে অধিনায়ক লিটন কুমার দাস বলেন,
আমরা ১৯তম ওভার পর্যন্ত ম্যাচে ছিলাম। তবে ক্রিকেটে এমনটা হয়—শেষ ওভারে কেউ একজন হয়তো কয়েকটা ছক্কা মেরে দেবে। স্লগ ওভারে পরিকল্পনা বাস্তবায়ন করাটাই মূল বিষয়। পরের ম্যাচে সেটিই আমাদের লক্ষ্য হবে।
লিটন আরও যোগ করেন,
শেষ ওভারটা বাদ দিলে আমরা খুব ভালো বোলিং করেছি। কিছু গুরুত্বপূর্ণ ক্যাচ নিতে পারলে ফল অন্যরকম হতে পারত। তারা চমৎকার ফিল্ডিং করেছে, দুর্দান্ত কিছু ক্যাচও নিয়েছে।
একই মাঠে বুধবার সিরিজ বাঁচাতে নামবে বাংলাদেশ। পরের ম্যাচে ফিল্ডিং ও ডেথ বোলিংয়ে উন্নতি করাই এখন লিটনদের মূল লক্ষ্য।
টিএইচএ/
