২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে কিংবা সেই আশায় আছে—এমন ২২টি জাতীয় দলের নতুন জার্সি উন্মোচন করেছে ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস। এর মধ্যে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার নতুন জার্সিও।
আর্জেন্টিনা জাতীয় দলের নতুন জার্সি উন্মোচনে প্রধান মডেল ছিলেন দলের অধিনায়ক ও কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি। আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ইতিহাস, উদ্ভাবন ও অতীত সাফল্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে ডিজাইন করা হয়েছে এই জার্সি। গতকাল আনুষ্ঠানিকভাবে উন্মোচনের পর আজ থেকে এটি অ্যাডিডাসের ওয়েবসাইট ও নির্দিষ্ট দোকানে পাওয়া যাচ্ছে।
জার্সিটির দাম নির্ধারণ করা হয়েছে ১০০ থেকে ১৮০ ডলার (বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ১২ হাজার থেকে ২২ হাজার টাকা)। খেলোয়াড় সংস্করণের জার্সিতে থাকছে ‘ক্লিমাকুল+’ প্রযুক্তি, যা বায়ু চলাচল ও ঘাম শোষণ আরও কার্যকর করবে।
আর্জেন্টিনার পাশাপাশি জার্মানি, স্পেন, ইতালি, জাপান, মেক্সিকো, কলম্বিয়াসহ আরও বড় দলগুলোর নতুন জার্সিও প্রকাশ করেছে অ্যাডিডাস।

২২টি দেশের জাতীয় দলের নতুন জার্সি তৈরি করেছে অ্যাডিডাস।
অ্যাডিডাসের ফুটবল ডিজাইন বিভাগের সহসভাপতি টমাস মাস বলেন,
“২০২৬ বিশ্বকাপের জার্সি তৈরির মূল লক্ষ্য ছিল প্রতিটি দেশের ঐতিহ্য ও আধুনিকতার সংমিশ্রণ ঘটানো। প্রতিটি জার্সির নকশায় ফুটবলে তাদের ইতিহাস, জাতীয় রঙ ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে।”
তিনি আরও জানান, জার্মানির নতুন জার্সি হবে অ্যাডিডাসের সঙ্গে দেশটির শেষ যৌথ উদ্যোগ। ২০২৭ সাল থেকে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা নাইকির সঙ্গে জুটি বাঁধবে, যার মধ্য দিয়ে জার্মান ফুটবলের সঙ্গে অ্যাডিডাসের ৭০ বছরের সম্পর্কের অবসান ঘটবে।
অ্যাডিডাস যে দেশগুলোর নতুন জার্সি উন্মোচন করেছে, সেগুলো হলো—
আলজেরিয়া, আর্জেন্টিনা, বেলজিয়াম, চিলি, কলম্বিয়া, কোস্টারিকা, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, জাপান, মেক্সিকো, উত্তর আয়ারল্যান্ড, পেরু, কাতার, সৌদি আরব, স্কটল্যান্ড, স্পেন, সুইডেন, ইউক্রেন, সংযুক্ত আরব আমিরাত, ভেনেজুয়েলা ও ওয়েলস।
টিএইচএ/
