মেসি–মার্তিনেজের গোলে বছরের শেষ ম্যাচ জয়ে রাঙাল আর্জেন্টিনা

by Fatih Work

অ্যাঙ্গোলার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনকে ঘিরে আয়োজিত প্রীতি ম্যাচে কোনো জয়–পরাজয়ের চাপ ছিল না। তা সত্ত্বেও বছর শেষে নিজেদের সেরাটাই দেখাল আর্জেন্টিনা। স্বাগতিকদের মাঠে ২–০ গোলের অনায়াস জয়ে বছর শেষ করল বিশ্বচ্যাম্পিয়নরা। গোল দুটি করেন লিওনেল মেসি ও লাউতারো মার্তিনেজ।

ফিফা র‌্যাঙ্কিংয়ের ৮৯ নম্বরে থাকা অ্যাঙ্গোলার বিপক্ষে এটি আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচ। ২০০৬ বিশ্বকাপের আগেও ঠিক একই ব্যবধানে জিতেছিল আলবিসেলেস্তেরা।

বিজ্ঞাপন
banner

লুয়ান্ডার এস্তাদিও ১১ দে নভেম্ব্রোতে বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই খেলার নিয়ন্ত্রণ ছিল স্কালোনির দলের হাতে। প্রায় ৬৬ শতাংশ বল দখলে রেখে অন-টার্গেটে নেওয়া তিন শটের দুটিকেই গোল বানায় আর্জেন্টিনা।

শুরুর দিক থেকেই আক্রমণাত্মক ছিলেন অতিথিরা। ২১ মিনিটেই গোলের সহজ সুযোগ পান মেসি—লাউতারোর নিখুঁত পাস থেকে বক্সে ঢুকে শট নিলেও অ্যাঙ্গোলার গোলরক্ষক পেদ্রো মার্কেস দুর্দান্ত সেভ করেন।

৩৬ মিনিটে আক্রমণে ওঠে স্বাগতিকরা, তবে রুলির সতর্কতায় হুমকি সামলে নেয় আর্জেন্টিনা। দুই মিনিট পর আলমাদার কাটব্যাকে আরেকবার গোলের সামনে দাঁড়ান মেসি, কিন্তু শট যায় বাইরে। ৩৯ মিনিটে মেসি আরও একবার সুযোগ পান এবং দ্রুত কর্নার শটও নেন, তবে সেদুটোই মার্কেসের হাতে জমা হয়।

অবশেষে ৪২ মিনিটে গোল আসে। মিডফিল্ড থেকে মেসি বল পেয়ে প্রতিপক্ষের সঙ্গে দ্বৈত বোঝাপড়া করে লাউতারোর উদ্দেশে বাড়ান। ইন্টার মিলানের স্ট্রাইকার ডান পায়ে নিখুঁত শটে আর্জেন্টিনাকে এগিয়ে দেন।

বিরতির পর ৪৭ মিনিটে সমতায় ফিরতে পারত অ্যাঙ্গোলা। ফ্রেডি একাই ডি-বক্সে ঢুকে বিপদ তৈরি করলেও রোমেরো ও তালিয়াফিকোর দৃঢ়তায় বাঁচে আর্জেন্টিনা। বাঁ প্রান্ত দিয়ে আবারও আক্রমণ গড়েও শেষ মুহূর্তে ব্যর্থ হয় স্বাগতিকরা।

৮১ মিনিটে ব্যবধান বাড়ে। বল নিয়ে বক্সে ঢুকে পড়েন মেসি, তারপর লাউতারোর সঙ্গে দারুণ ওয়ান-টু রচনা করে দ্বিতীয় গোলটি করেন আর্জেন্টিনা অধিনায়ক।

৮৬ মিনিটে মাঠ ছাড়েন মেসি; তাঁর বদলি হিসেবে নামেন পানিচেলি। এর ঠিক আগেই ম্যাক অ্যালিস্টার ও লাউতারোকে তুলে নেন কোচ স্কালোনি। সমাপ্তির বাঁশিতে পুরো বছরের সফলতা আর ছন্দ ধরে রেখে ২০২৬ সালের প্রস্তুতিও জোরালোভাবে শুরু করল বিশ্বচ্যাম্পিয়নরা।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222