দুর্দান্ত ফর্মে থাকা আর্লিং হলান্ড আবারও দেখালেন তার ভয়ংকর গোল ক্ষুধা। জোড়া গোল করে রেকর্ড গড়ে নরওয়েকে ২৮ বছর পর এনে দিলেন বিশ্বকাপের মূল পর্বে খেলার টিকেট। শুরুতে লিড নিয়েও শেষ পর্যন্ত বড় ব্যবধানে হেরে ইতালির বিশ্বকাপ খেলার আশা নরম সুতোয় ঝুলে রইল।
রোববার রাতে ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বে ‘আই’ গ্রুপের ম্যাচে ইতালিকে ৪–১ গোলে উড়িয়ে দিয়েছে নরওয়ে। চলতি শতকে এবারই প্রথম বিশ্বকাপে খেলবে নরওয়েজিয়ানরা। ১৯৯৮ সালের পর এটাই তাদের প্রথম বিশ্বমঞ্চে ফেরা।
ম্যাচের ১১তম মিনিটেই ফ্রান্সেস্কো এসপোসিতোর গোলে লিড নেয় ইতালি। মূল পর্বে যেতে তাদের প্রয়োজন ছিল ৯ গোলের বিশাল জয়। অসম্ভবের কাছাকাছি সেই লক্ষ্যেও শুরুটা ভালোই করেছিল আজ্জুরিরা।
কিন্তু এরপরই ম্যাচের মোড় ঘোরে। প্রথমার্ধে কোনো শট লক্ষ্যে রাখতে না পারলেও বিরতির পর ভয়ঙ্কর রূপ নেয় নরওয়ে। ৬৩ মিনিটে অ্যান্টনিও নুসারের গোলে ম্যাচে সমতা ফেরে। এরপর ৭৮ ও ৭৯ মিনিটে মাত্র এক মিনিটের ব্যবধানে দুই গোল করে দলকে এগিয়ে দেন সুপারস্টার স্ট্রাইকার হলান্ড। বাছাইপর্বে এ নিয়ে তার গোল হলো ১৬ টি। যা এক আসরের সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড।
৮ ম্যাচের সবকটিতে জিতে পূর্ণ ২৪ পয়েন্ট নিয়ে আগামী বছর কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র বিশ্বকাপে খেলতে যাচ্ছে নরওয়ে। এ পথে তারা করেছে ৩৭ গোল।
অন্যদিকে নরওয়ের কাছে দুই ম্যাচেই হেরে ১৮ পয়েন্ট নিয়ে গ্রুপের দুইয়ে ইতালি। ফলে আবারও তাদের পড়তে হলো প্লে-অফে।
গত দুই বিশ্বকাপ বাছাইয়ে প্লে-অফে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল ২০০৬ সালের বিশ্বচ্যাম্পিয়নরা। এবারও সেই একই পরিণতির আশঙ্কায় আছে ইতালি। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের বাইরে থাকার শঙ্কা ঘনিয়ে উঠেছে আজ্জুরিদের সামনে।
টিএইচএ/
