গুগলির ঝলক দেখানো রিশাদ সিরিজ জিতেই বাসায় যেতে চান

by Fatih Work

কার্টিস ক্যাম্ফার তখনো সেট হতে পারেননি। ১৫ বলে তাঁর রান ছিল মাত্র ৯। কিন্তু তাঁর আউটটি শুধু একটি উইকেটই নয়—বাংলাদেশের জন্য এনে দিল এক বিশেষ অর্জনও। রিশাদ হোসেন যখন গুগলিতে ক্যাম্ফারের স্টাম্প ছিটকে দিলেন, উচ্ছ্বাসে ফেটে পড়ল পুরো স্টেডিয়াম।

এই উচ্ছ্বাসের সঙ্গে ছিল দীর্ঘ প্রতীক্ষা শেষ হওয়ার স্বস্তি—বাংলাদেশের কোনো লেগ স্পিনারের গুগলিতে প্রতিপক্ষ ব্যাটসম্যানের স্টাম্প ভেঙে যাওয়া খুবই বিরল দৃশ্য। বহুদিন ধরে এ দৃশ্য শুধু কল্পনাতেই ছিল। সেই কল্পনাকে বাস্তবে রূপ দিচ্ছেন রিশাদ। দুই বছর ধরে বাংলাদেশ যে লেগ স্পিনারের অভাব বোধ করছিল, তার জবাব দিচ্ছেন তিনি নিয়মিতই। এর সঙ্গে যোগ করেছেন নতুন অস্ত্র—গুগলি। গত এশিয়া কাপ থেকেই দেখা যাচ্ছে তাঁর এই বৈচিত্র্য। আজ ক্যাম্ফারকে বোল্ড করে আবারও সেই গুগলির ধার প্রমাণ করলেন রিশাদ। স্কয়ার কাট খেলতে গিয়ে পুরোপুরি বোকা হয়ে যান ক্যাম্ফার।

বিজ্ঞাপন
banner

বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টি–টোয়েন্টিতে একাদশে ফেরানো হয় রিশাদকে। আগের দুই ম্যাচের মতো এদিনও ভালো শুরু করেছিল আয়ারল্যান্ড। উদ্বোধনী জুটিতে ২৪ বলে ৩৮ রান যোগ করেন পল স্টার্লিং ও টিম টেক্টর। মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম তাঁদের সে জুটি ভেঙে প্রথম ধাক্কা দেন। অষ্টম ওভারে এসে চাপ আরও বাড়ান রিশাদ—প্রথম ওভারে মাত্র ২ রান দেন। ক্যাম্ফারকে ফেরানোর পরের ওভারেও দেন মাত্র ৪ রান। শেষে ৪ ওভারে ২১ রান খরচায় ঝুলিতে ভরেন ৩ উইকেট। বল যতটা টার্ন করেছে, তার চেয়ে কম আনন্দ দেয়নি তাঁর গুগলির শো—গ্যালারির দর্শকের চোখ জুড়িয়ে গেছে।

আয়ারল্যান্ড ১৯.৫ ওভারে ১১৭ রানে গুটিয়ে যাওয়ার পর সম্প্রচারকদের সঙ্গে কথা বলেন রিশাদ। গুগলি ভাণ্ডারে যুক্ত করার প্রসঙ্গে তিনি বলেন, “চেষ্টা করছি। বাকিটা আল্লাহর ওপর।” আগামী ফেব্রুয়ারি–মার্চে টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে এটাই বাংলাদেশের শেষ আন্তর্জাতিক সিরিজ। মাঝখানে আছে বিপিএল। প্রস্তুতি নিয়ে রিশাদ বলেন, “বিশ্বকাপের আগে বিপিএল আছে। এ সময়ে অনেক কাজ করার সুযোগ থাকবে। কিছু কাজ এখনো বাকি আছে, সবাই ঠিকঠাক করে নেবে ইনশাআল্লাহ।”

আয়ারল্যান্ড বড় লক্ষ্য দিতে না পারলেও রিশাদের ভরসা অটুট—“এখন পর্যন্ত আমরা আত্মবিশ্বাসী। সিরিজ জিতেই সবাই বাসায় যাব ইনশাআল্লাহ।”

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222