আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে এবার সরাসরি জাতীয় দলের ক্রিকেটারদের মুখোমুখি হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বিশ্বকাপ স্কোয়াডের সদস্যদের সাথে এই বিশেষ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মূলত ভারতের মাটিতে খেলতে যাওয়ার বিষয়ে ক্রিকেটারদের ব্যক্তিগত মনোভাব ও নিরাপত্তার প্রশ্নে তাদের মতামত জানতেই এই আলোচনার আয়োজন করা হয়েছে।
বিশ্বকাপের ভেন্যু নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রস্তাব আইসিসি নাকচ করে দেওয়ার পর পুরো বিষয়টি এখন চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায়। বুধবার বোর্ড সভায় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা সাফ জানিয়ে দিয়েছে, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ভারতেই খেলতে হবে বাংলাদেশকে। অন্যথায়, আসরে বাংলাদেশের পরিবর্তে অন্য কোনো দলকে অন্তর্ভুক্ত করার হুঁশিয়ারিও দিয়েছে আইসিসি। এই সংকটময় পরিস্থিতিতে সিদ্ধান্ত গ্রহণের জন্য বিসিবিকে মাত্র ২৪ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছে। এর আগে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ক্রীড়া উপদেষ্টার সাথে দেখা করে বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করেন। তিনি স্পষ্ট করেছেন যে, ক্রিকেটারদের নিরাপত্তা বিসিবির কাছে অগ্রাধিকার পাবে, তবে তারা টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে চান না। বিসিবি প্রধানের মতে, শ্রীলঙ্কার ভেন্যুতে খেলার বিকল্প প্রস্তাব এখনো তাদের পছন্দের শীর্ষে।
আইসিসি তাদের সিদ্ধান্তে অনড় থাকায় বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য এখন সুতোয় ঝুলছে। আজকের বৈঠকে আসিফ নজরুল খেলোয়াড়দের সাথে সার্বিক পরিস্থিতি ও ঝুঁকি নিয়ে চুলচেরা বিশ্লেষণ করবেন। ক্রিকেটারদের চাওয়া এবং সরকারি নিরাপত্তা পর্যবেক্ষণের সমন্বয়ে আজই একটি চূড়ান্ত সিদ্ধান্ত আইসিসিকে জানিয়ে দেওয়া হতে পারে।
টিএইচএ/
