পেকুয়াকে কক্সবাজার জেলার পঞ্চম পৌরসভা হিসেবে গড়ে তোলার উদ্যোগ শুরু হয়েছে। নির্বাচনের আগে নিজ জন্মভূমির মানুষদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে মাঠে নেমেছেন সালাহউদ্দিন আহমদ। স্থানীয়দের মধ্যে প্রচলিত রয়েছে—তিনি যা ঘোষণা দেন, তা বাস্তবায়ন করেই ছাড়েন।
সালাহউদ্দিন আহমদের বাড়ি পেকুয়া উপজেলা সদরে। অতীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের সময় তিনি পেকুয়াকে উপজেলা হিসেবে প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন। তখন তিনি সরকারের যোগাযোগ প্রতিমন্ত্রী ছিলেন। বর্তমানে তিনি সরকারের তৃতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পদ স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বিএনপি সরকার গঠনের পরপরই পেকুয়াকে পৌরসভায় রূপান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনায় পেকুয়া উপজেলা প্রশাসন ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ও প্রাথমিক কার্যক্রম হাতে নিয়েছে। দ্রুত সময়ের মধ্যেই পেকুয়াকে কক্সবাজার জেলার পঞ্চম পৌরসভা হিসেবে ঘোষণা করা হতে পারে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
সূত্র জানায়, সম্প্রতি উপজেলা সদর ও আশপাশের এলাকায় প্রস্তাবিত পৌরসভার সম্ভাব্য প্রশাসনিক সীমানা নির্ধারণে দিনব্যাপী সমীক্ষা চালানো হয়েছে। কক্সবাজার জেলা প্রশাসকের নির্দেশে এই কার্যক্রম পরিচালনা করেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুব।
ইউএনও মাহবুব আলম বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পেকুয়া পৌরসভা বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সীমানাসহ প্রয়োজনীয় কিছু তথ্য চাওয়া হয়েছে। সে অনুযায়ী কাজ শুরু হয়েছে এবং অল্প সময়ের মধ্যেই দৃশ্যমান অগ্রগতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সমীক্ষাকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরুল আখতার নিলয়, পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম বাহাদুর শাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০০১ সালে খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের সময় যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্বে থেকে সালাহউদ্দিন আহমদ পেকুয়াকে উপজেলা হিসেবে প্রতিষ্ঠা করেন। গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চকরিয়া-পেকুয়া নিয়ে গঠিত কক্সবাজার-০১ আসন থেকে তিনি ধানের শীষ প্রতীকে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। নির্বাচনে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আবদুল্লাহ আল ফারুককে বড় ব্যবধানে পরাজিত করেন।
নির্বাচনী প্রচারণায় দেওয়া ঘোষণার পর স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই পেকুয়াকে পৌরসভায় উন্নীত করার প্রক্রিয়া শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে।
বর্তমানে কক্সবাজার জেলায় চারটি পৌরসভা রয়েছে—কক্সবাজার, চকরিয়া, টেকনাফ ও মহেশখালী। এছাড়া জেলায় বিদ্যমান রয়েছে ৯টি উপজেলা। ‘মাতামুহুরী’ নামে আরও একটি নতুন উপজেলা গঠনের প্রক্রিয়াও চলমান, যা সালাহউদ্দিন আহমদের আরেকটি নির্বাচনী অঙ্গীকার হিসেবে আলোচনায় রয়েছে।
এমএআর/
