সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের কাশিনাথপুর ও রশিদপুর গ্রামের দুই পক্ষের সংঘর্ষে শাহ আলম (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি রশিদপুর গ্রামের চাঁদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাশিনাথপুর গ্রামের কয়েকজন যুবক দীর্ঘদিন ধরে রশিদপুর উত্তরপাড়া এলাকায় গিয়ে নিয়মিত আড্ডা দিতেন এবং মেয়েদের উত্ত্যক্ত করতেন। বিষয়টি নিয়ে রশিদপুর গ্রামের লোকজন তাদের একাধিকবার সতর্ক করলেও বৃহস্পতিবার রাতে কাশিনাথপুরের যুবকেরা রশিদপুরের লোকদের ওপর অতর্কিত হামলা চালায়। এর পর দুই গ্রামের মধ্যে তীব্র সংঘর্ষ বেধে যায়।
মারামারির ঘটনায় গুরুতর আহত শাহ আলমকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ টহল জোরদার করেছে। সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম বলেন, ঘটনার বিষয়টি জানা গেছে, তবে এখনো কোনো পক্ষ মামলা দায়ের করেনি।
এমএআর/
