একই দিনে দুই থানায় দগ্ধ মরদেহ উদ্ধার

by Fatih Work

গাজীপুরে পৃথক দুই স্থানে আগুনে পোড়া দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে শ্রীপুর উপজেলা ও জয়দেবপুর থানা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার-বরমী আঞ্চলিক সড়কের বৃন্দাবন চৌরাস্তা এলাকার গজারি বনের পাশে আগুনে পোড়ানো একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

বিজ্ঞাপন
banner

পোড়া লাশটির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির আনুমানিক বয়স ২০ বছর। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে হত্যা করে নির্জন গজারি বনের পাশে এনে শুকনো পাতা ও খড়কুটো দিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে তার শরীর প্রায় সম্পূর্ণ পুড়ে যায়। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

অন্যদিকে, জয়দেবপুর থানার ভবানীপুর এলাকায় একটি ঝোপের ভেতর থেকে মাহবুব ওরফে রনি (১৪) নামে এক কিশোরের আগুনে পোড়া লাশ উদ্ধার করা হয়েছে। তিনি স্থানীয় একটি হাফিজি মাদ্রাসার ছাত্র ছিলেন।

জয়দেবপুর থানার ওসি তারিকুল ইসলাম জানান, ভবানীপুরে ‘মায়ের দোয়া’ হোটেলের পাশের ঝোপ থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ জানিয়েছে, দুই ঘটনাই গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অপরাধীদের শনাক্তে কাজ অব্যাহত রয়েছে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222