স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, মানুষের সেবাকে প্রাধান্য দিতে হলে সরকারি কাজে স্বচ্ছতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তিনি বলেন, “গণঅভ্যুত্থানের আগের মানসিকতা ও কর্মপদ্ধতি এখন আর চলবে না। দেশ এগিয়ে গেছে, তাই দায়িত্ব পালনে সামান্য ভুল হলেও তার ফল দ্রুত ভোগ করতে হবে—এ বিষয়টি সবার মনে রাখতে হবে।”
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, “কে মন্ত্রী, কে এমপি বা কে সরকারি কর্মকর্তা—এটি মুখ্য নয়; আমরা সবাই মিলে একটি টিম হিসেবে দেশ গঠনে কাজ করব। এর কোনো বিকল্প নেই। তাই শতভাগ দুর্নীতিমুক্ত থেকে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি সমাজ থেকে মাদক নির্মূল, ইভটিজিং বন্ধ এবং চাঁদাবাজি উচ্ছেদে কার্যকর উদ্যোগ নিতে হবে।”
তিনি জানান, যদি কোনো মন্ত্রী বা সংসদ সদস্য অন্যায় করেন, তাহলে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের উচিত তা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা। তিনি বলেন, “পুলিশের সক্ষমতার কোনো ঘাটতি নেই। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি পরিহার করে জনকল্যাণে কাজ করতে হবে। যারা তাকে ভোট দিয়েছেন এবং যারা দেননি—সবার প্রতিই তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।”
মন্ত্রী বলেন, “নরসিংদীসহ সারা দেশকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। ডোপ টেস্টের মাধ্যমে মাদকাসক্তদের শনাক্ত করে তিন মাসের সাজা দেওয়ার ব্যবস্থা করা হবে।” এছাড়া নরসিংদীতে একটি মেডিকেল কলেজ ও একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন।
মোহাম্মদ আনোয়ার হোসাইন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খায়রুল কবির খোকন, মনজুর এলাহী, ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আব্দুল্লাহ আল ফারুক, ডা. সৈয়দ মো. আমিরুল হক শামীম এবং ডা. এএনএম মিজানুর রহমান।
এমএআর/
