ইরান ও পাকিস্তান থেকে ফিরে আসা আফগান অভিবাসীদের ঘিরে আফগানিস্তান এখনও গুরুতর মানবিক সংকটে রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। সংস্থাটির আফগানিস্তান মিশনপ্রধান মিহিউং পার্ক বলেছেন, প্রত্যাবর্তনকারীদের সংখ্যা বাড়লেও সহায়তার সক্ষমতা সীমিত।
আফগানিস্তানে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মিশনপ্রধান মিহিউং পার্ক বলেছেন, ফেরত আসা অভিবাসীদের পরিস্থিতি ঘিরে দেশটি এখনও বড় ধরনের মানবিক সংকটের মুখে রয়েছে। কান্দাহার সফরকালে তিনি এ মন্তব্য করেন।
আইওএম জানায়, কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক জেলার একটি প্রত্যাবর্তন কেন্দ্র পরিদর্শনের সময় পার্ক বলেন, প্রত্যাবর্তনকারীদের জন্য সংস্থাটির সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
মিহিউং পার্ক বলেন, বর্তমান পরিস্থিতি অনুযায়ী ইরান ও পাকিস্তান থেকে আফগান অভিবাসীদের ফেরার প্রবণতা এখনও বাড়ছে। ফলে এসব পরিবারকে সহায়তা দেওয়ার প্রয়োজনীয়তাও বেড়েছে।
তবে তিনি জানান, চাহিদা বাড়লেও মানবিক সহায়তার অর্থ ও সম্পদ সীমিত থাকায় আইওএম সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা ও সবচেয়ে অসহায় পরিবারগুলোর ওপর অগ্রাধিকার ভিত্তিতে সহায়তা কার্যক্রম পরিচালনা করবে।
আইওএমের তথ্য অনুযায়ী, শুধু ২০২৫ সালেই ইরান ও পাকিস্তান থেকে প্রায় ৩০ লাখ আফগান নাগরিক দেশে ফিরে এসেছেন। এই প্রত্যাবর্তন প্রক্রিয়া এখনও চলমান রয়েছে, যা আফগানিস্তানে মানবিক সহায়তার প্রয়োজন আরও বাড়িয়ে দিয়েছে।
বিশ্লেষকদের মতে, বিপুলসংখ্যক অভিবাসীর একযোগে ফিরে আসা আফগানিস্তানের আবাসন, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থান ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। পর্যাপ্ত আন্তর্জাতিক সহায়তা না মিললে প্রত্যাবর্তনকারীদের পুনর্বাসন ও মৌলিক সেবা নিশ্চিত করা আরও কঠিন হয়ে উঠতে পারে।
হাআমা/
