কাবুলে আফগানিস্তান ও উজবেকিস্তানের বেসরকারি খাতের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক যৌথ ব্যবসায়িক ফোরামে ৫২০ মিলিয়ন ডলার মূল্যের ৩৮টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এতে দুই প্রতিবেশী দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর হওয়ার ইঙ্গিত মিলেছে।
ফোরামে আফগানিস্তান ও উজবেকিস্তানের আন্দিজান অঞ্চলের ব্যবসায়ী ও উদ্যোক্তারা অংশ নেন। সেখানে বিনিয়োগ, আমদানি ও রপ্তানিসহ বিভিন্ন খাতে চুক্তিগুলো চূড়ান্ত করা হয়। কর্মকর্তারা জানান, এসব চুক্তির মধ্যে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগ, ১৫০ মিলিয়ন ডলার আমদানি এবং ৭০ মিলিয়ন ডলার রপ্তানি অন্তর্ভুক্ত রয়েছে।
আফগানিস্তানের বাণিজ্য ও শিল্পমন্ত্রী নূরুদ্দিন আজিজি বলেন, সর্বশেষ এসব চুক্তি দ্বিপক্ষীয় চুক্তির ক্রমবর্ধমান তালিকায় নতুন সংযোজন। তিনি জানান, বর্তমানে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত মোট চুক্তির পরিমাণ ১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। আজিজির মতে, কাবুল ও তাশখন্দের অর্থনৈতিক সম্পর্ক এখন আলোচনা থেকে বাস্তবায়নের দিকে অগ্রসর হচ্ছে।
তিনি আরও বলেন, উজবেক পণ্যের জন্য আফগানিস্তান একটি বড় বাজার হতে পারে। পাশাপাশি আফগানিস্তানেরও রপ্তানি সক্ষমতা রয়েছে। যৌথ বিনিয়োগ অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরে তিনি দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের প্রতি সরকারের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।
এদিকে আফগানিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্ট জানায়, সাম্প্রতিক মাসগুলোতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সংস্থাটির তথ্যমতে, গত ছয় মাসে ১.৪ বিলিয়ন ডলার মূল্যের বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার কিছু ইতোমধ্যে কার্যকর হয়েছে। চেম্বারের হিসাব অনুযায়ী, দুই দেশের বার্ষিক বাণিজ্য বর্তমানে প্রায় ১.৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
উজবেকিস্তানের কর্মকর্তারাও সহযোগিতা বৃদ্ধির কথা উল্লেখ করেন। শুহরাতবেক আব্দুরাখমোনভ বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক ধীরে ধীরে উন্নত হচ্ছে এবং উজবেক ব্যবসায়ীরা আফগান অংশীদারদের সঙ্গে অভিজ্ঞতা ভাগাভাগি করতে প্রস্তুত।
অন্যদিকে দাভরন ভাখোবভ জানান, উজবেক বিনিয়োগকারীরা ইতোমধ্যে আফগানিস্তানের বিভিন্ন খাতে সক্রিয় রয়েছেন। এর মধ্যে রয়েছে—পোল্ট্রি, টেক্সটাইল, খাদ্য উৎপাদন, আসবাবপত্র, চামড়াজাত পণ্য, জ্বালানি অবকাঠামো, ওষুধ শিল্প এবং নির্মাণ খাত। তিনি আশা প্রকাশ করেন, বেসরকারি খাতের সহযোগিতা আরও বিস্তৃত হবে।
এছাড়া স্থানীয় কর্তৃপক্ষ উজবেক বিনিয়োগকারীদের নানগরহার প্রদেশে বিনিয়োগের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছে। তারা জানিয়েছে, নতুন বিনিয়োগ আকর্ষণে সেখানে অনুকূল পরিবেশ সৃষ্টি করা হয়েছে। সূত্র: আরিয়ানা নিউজ
অনুবাদ: আমানুল্লাহ নাবিল
হাআমা/
