ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি কাবুলে নিযুক্ত তুরস্কের চার্জ দ্য অ্যাফেয়ার্স সাদিন আয় ইলদিজের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে আঞ্চলিক পরিস্থিতি এবং চীনের উরুমকি শহরে অনুষ্ঠিত সাম্প্রতিক কাবুল-ইসলামাবাদ আলোচনার বিষয়ে আলোচনা হয়।
রবিবার (১২ এপ্রিল) সন্ধায় এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানায় আফগান সংবাদমাধ্যম আরিয়ানা নিউজ।
আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, মুত্তাকি পাকিস্তানের সঙ্গে অনুষ্ঠিত আলোচনা ‘ইতিবাচক’ বলে উল্লেখ করেন।
তিনি আশা প্রকাশ করেন, ‘ছোটখাটো কারিগরি বিষয়গুলো আলোচনার অগ্রগতিতে বাধা সৃষ্টি করবে না।’
মুত্তাকি আফগানিস্তান ও তুরস্কের মধ্যকার সম্পর্ককে ইতিবাচক হিসেবে মূল্যায়ন করেন এবং মধ্যস্থতায় তুরস্কের পূর্ববর্তী ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল বলে মন্তব্য করেন।
অন্যদিকে তুর্কি কূটনীতিক ইলদিজ বলেন, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে ইতিবাচক সম্পর্ক তুরস্কের জন্য বিশেষ গুরুত্ব বহন করে। তিনি জানান, এ বিষয়ে তুরস্ক তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে।
অনুবাদ: আব্দুল্লাহ কাসিম আজওয়াদ
হাআমা/
